‘আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের কখনো জোট হয়নি’: গোলাম পরওয়ার

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-10-20T16:10:17+06:00
2026-10-20T16:10:17+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
Advertisement
রাজনীতি
‘আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের কখনো জোট হয়নি’: গোলাম পরওয়ার
জবাবদিহি ডেস্ক
⏲ ৪:১০ পিএম | ২০ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর কখনো কোনো জোট হয়নি বলে দাবি করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিএনপির কারণেই ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল বলেও মন্তব্য করেছেন তিনি।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১২টায় রাজধানীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গোলাম পরওয়ার।

তিনি বলেন, ‘আমরা আওয়ামী লীগের সঙ্গে কোনো জোট করিনি। যেমন চারদলীয় ও বিশদলীয় জোট করা হয়েছে বিএনপির সঙ্গে। আমরা জামায়াতের প্রস্তুত করা কেয়ারটেকার সরকারের ফর্মুলা বাস্তবায়নের দাবিতে জাতীয় পার্টি, বাম দলসহ অনেক দলের সঙ্গে আন্দোলন করেছি।’

১৯৯৬ সালের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে জামায়াতের এই নেতা বলেন, বিএনপি গণবিরোধী অবস্থানের কারণে ওই বছর ক্ষমতায় আসতে পারেনি। বিএনপির কারণেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল বলে মন্তব্য করেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, সে সময় স্বচ্ছ নির্বাচনের দাবিতে জনগণ আন্দোলন করেছিল। বিএনপি ‘মাগুরা মার্কা’ নির্বাচন করেছিল বলেও অভিযোগ করেন তিনি। ক্ষমতায় গিয়ে দলটি বিভিন্ন ক্যাম্পাস থেকে ছাত্রশিবিরকে উৎখাত করেছে বলে দাবি করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।

তিনি আরও বলেন, ‘আমরা আওয়ামী লীগের সঙ্গে হাঁটিনি। জনগণের দাবি আদায় করতে আমরা একত্রে আন্দোলন করেছি।’

সরকারের সাত মাসের কর্মকাণ্ডের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, সরকারের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে এবং দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা চলছে। জামায়াতে ইসলামী জুলাইকে ধারণ করে না-বিএনপির এমন অভিযোগকে হাস্যকর বলে মন্তব্য করেন তিনি।

গোলাম পরওয়ারের দাবি, জামায়াতে ইসলামীই জুলাইয়ের চেতনাকে ধারণ করে। সরকার জুলাইয়ের চেতনা ধারণ না করায় গণভোটের রায় বাস্তবায়ন করছে না বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, সরকার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে দলীয় লোক নিয়োগ দিচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন না করে সাংবিধানিক পদসহ সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের বসানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, ‘জামায়াতসহ ১১ দল জুলাইকে ধারণ করে বলে জনগণের দাবি গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে রাজপথে আন্দোলন করছি। বিএনপি জুলাইকে ধারণ করে না বলে গণভোটকে অস্বীকার করছে। গণভোটকে বাতিল করেছে। তা বাস্তবায়নে টালবাহানা করছে।’

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. আব্দুর রব, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসাইন উপস্থিত ছিলেন।

এ ছাড়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান এবং মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকারও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত