নেত্রকোণার বড়খাপন ইউনিয়নে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া প্রায় দুই কিলোমিটার সড়ক মেরামতের উদ্যোগ নিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কেফায়েত হোসেন কাঞ্চন। তাঁর এ উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। গতকাল সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ইউনিয়নের গোবিন্দপুর-বড়ইউন্দ সড়কের ইছারবাড়ি খালের পাশ থেকে মেরামতকাজ শুরু করেন কেফায়েত হোসেন কাঞ্চন ও তাঁর সমর্থকেরা।
স্থানীয় এলাকাবাসী ও পথচারীরা জানায়, গোবিন্দপুর-বড়ইউন্দ সড়ক দিয়ে বড়ইউন্দ, গোবিন্দপুর, রাজনগর, বাউসারি, নয়াপাড়া ও যাত্রাবাড়িসহ আশপাশের ১৫ থেকে ১৬টি গ্রামের মানুষ চলাচল করেন। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে তাঁদের। বিশেষ করে অসুস্থ রোগী ও গর্ভবতী নারীদের যাতায়াতে বেশি দুর্ভোগ হয়।
স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, সড়কটি মেরামত করা হলে আশপাশের গ্রামগুলোর মানুষের চলাচল সহজ হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ কিছুটা কমবে।
এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী কেফায়েত হোসেন কাঞ্চন বলেন, ‘সড়কটি আশপাশের ১৫ থেকে ১৬টি গ্রামের মানুষের চলাচলের অন্যতম মাধ্যম। দীর্ঘদিন ধরে এখানে কোনো সংস্কারকাজ না হওয়ায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। এলাকাবাসী ও মুরব্বিদের সঙ্গে পরামর্শ করে সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে সড়কটি মেরামতের উদ্যোগ নিয়েছি। কাজটি শেষ হলে এলাকাবাসী উপকৃত হবেন বলে আশা করছি।’
জ/উ