যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বড় ঢেউয়ের কারণে বিভিন্ন এলাকায় প্রায় ১ লাখ ৩০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। ঝড়ের তাণ্ডবে অন্তত একজনের মৃত্যু হয়েছে।
নিউইয়র্ক, বোস্টন ও ফিলাডেলফিয়াসহ পূর্ব উপকূলের বিস্তীর্ণ এলাকায় আঘাত হানে শক্তিশালী এই ঝড়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, কয়েক দিন পূর্ব উপকূলে প্রভাব বিস্তারের পর রোববার সন্ধ্যায় ঝড়টি ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে।
ঝড়ের কেন্দ্র নিউ জার্সির উপকূলের কাছে অবস্থান করছিল। তবে এর প্রভাবে তৈরি হওয়া মেঘ ও বৃষ্টির বিস্তৃতি নিউ ইংল্যান্ডের উত্তরাঞ্চলের অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। ঝড়ের সময় বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ৮১ মাইল বা ১৩০ কিলোমিটার পর্যন্ত উঠেছিল। পরে তা কমে প্রায় ৪৫ মাইল বা ৭২ কিলোমিটারে নেমে আসে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত শনিবার নিউইয়র্ক শহরের একটি পার্কিং এলাকায় হাঁটার সময় গাছ পড়ে সরকারি আবাসন কর্তৃপক্ষের এক কর্মী মারা যান।
ঝড়ের প্রভাবে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও বন্যার পাশাপাশি উপকূলীয় অঞ্চলে বড় ঢেউ সৃষ্টি হয়েছে। পূর্ব উপকূলের বিভিন্ন স্থান থেকে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিশাল ঢেউ উপকূলের বাড়িঘরে আছড়ে পড়ছে। কোথাও কোথাও শহরের রাস্তায় পানি জমে যাওয়ায় মানুষকে নৌকায় চলাচল করতে হয়েছে।
প্রতিকূল আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচলেও ব্যাপক বিঘ্ন ঘটে। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, ৫০০টির বেশি ফ্লাইট বাতিল এবং প্রায় ৬ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে।
বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার সন্ধ্যা পর্যন্ত ১৭২টি ফ্লাইট বাতিল করা হয়। এটি ওই দিনের নির্ধারিত মোট ফ্লাইটের প্রায় এক-চতুর্থাংশ। নানটাকেট ও মার্থাস ভিনইয়ার্ডের ছোট বিমানবন্দরগুলোতেও প্রায় এক-তৃতীয়াংশ ফ্লাইট বাতিল হয়েছে।
এদিকে ঝড়ের প্রবল ঢেউ ও পানির তোড়ে উত্তর ক্যারোলিনার বিখ্যাত হাইওয়ে ১২-এর একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যের উপকূলের সরু দ্বীপগুলোর ওপর দিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ এই সড়কটির বিভিন্ন স্থানে ঢেউয়ের পানিতে পিচ উঠে গেছে বলে স্থানীয় পরিবহণ কর্তৃপক্ষের প্রকাশিত ছবিতে দেখা গেছে।
সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় কিছু দ্বীপের বাসিন্দা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। পাশাপাশি পূর্ব উপকূলের বিভিন্ন এলাকায় ঝড় ও জলোচ্ছ্বাসের প্রভাবে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে।
জ/উ