উৎপাদনশীল খাতে অতিরিক্ত করের বোঝা, অদক্ষ খাতে ভর্তুকি, ব্যয়বহুল আমদানিনির্ভর জ্বালানি এবং সরকারি ব্যয়ে শৃঙ্খলার অভাব-সব মিলিয়ে কাঠামোগত সংকটে পড়েছে পাকিস্তানের অর্থনীতি। অর্থনৈতিক বিশ্লেষণে বলা হচ্ছে, এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় সংস্কার না করে দেশটির সরকারগুলো অতিরিক্ত কর, ঋণ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আর্থিক সহায়তার ওপর নির্ভর করছে।
২০২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে পাকিস্তানের রাজস্ব উদ্বৃত্ত আগের বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ কমে ২ দশমিক ১১৯ ট্রিলিয়ন রুপিতে দাঁড়িয়েছে। এটি দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) মাত্র ০ দশমিক ৯ শতাংশ। একই সময়ে মোট রাজস্ব আদায়ও কমেছে ৩ শতাংশ।
গত এক দশকে পাকিস্তানের ফেডারেল বোর্ড অব রেভিনিউয়ের (এফবিআর) কর আদায় ৩১৭ শতাংশের বেশি বাড়লেও প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি গড়ে ৩ দশমিক ৪ থেকে ৩ দশমিক ৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। এর অন্যতম কারণ হিসেবে অর্থনীতির উৎপাদনশীল সক্ষমতা না বাড়িয়ে বিদ্যমান করদাতাদের ওপর করের চাপ বাড়ানোর নীতিকে দায়ী করা হচ্ছে।
রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে নতুন খাতকে করের আওতায় আনার পরিবর্তে বিদ্যমান করদাতাদের ওপর চাপ বাড়াচ্ছে এফবিআর। ব্যাংক হিসাব জব্দ করা কিংবা অন্যায্যভাবে অর্থ কেটে নেওয়ার মতো পদক্ষেপও নেওয়া হচ্ছে। একদিকে নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো উচ্চ কর ও ব্যয়বহুল জ্বালানির চাপে রয়েছে, অন্যদিকে অনিবন্ধিত খাতের অনেক প্রতিষ্ঠান করের আওতার বাইরে থেকে যাচ্ছে।
কৃষি, পাইকারি ও খুচরা ব্যবসা এবং আবাসন খাতকে প্রকৃত সক্ষমতা অনুযায়ী করের আওতায় আনার প্রয়োজনীয়তার কথা বলা হচ্ছে। এ জন্য কর প্রশাসনে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
পাকিস্তানের অর্থনৈতিক অব্যবস্থাপনার অন্যতম বড় উদাহরণ দেশটির জ্বালানি খাত। সৌরবিদ্যুৎ উৎপাদনের বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও নীতিনির্ধারকেরা ব্যয়বহুল আমদানিকৃত জ্বালানি এবং পুরোনো চুক্তির আওতায় বিদ্যুৎকেন্দ্রগুলোকে দেওয়া সক্ষমতা ভাতার ওপর নির্ভরতা বজায় রেখেছেন। বিদ্যুৎ খাতের প্রায় ৫ দশমিক ৪৫ ট্রিলিয়ন রুপির বকেয়া দায় অর্থনীতির ওপর বড় চাপ তৈরি করছে। উচ্চ বিদ্যুৎ বিলের কারণে আন্তর্জাতিক বাজারে পাকিস্তানি পণ্যের প্রতিযোগিতা সক্ষমতাও কমছে।
এদিকে লোকসানি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোও করদাতাদের ওপর বড় আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত এসব প্রতিষ্ঠানের পুঞ্জীভূত লোকসান ৭ দশমিক ২২ ট্রিলিয়ন রুপিতে পৌঁছেছে। অলাভজনক প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখতে প্রতিদিন করদাতাদের প্রায় ৩ বিলিয়ন রুপি ব্যয় হচ্ছে। বাণিজ্যিকভাবে অকার্যকর প্রতিষ্ঠানগুলো বেসরকারীকরণ অথবা প্রয়োজন অনুযায়ী বন্ধ করে দেওয়ার প্রস্তাবও আলোচনায় রয়েছে।
অর্থনৈতিক সংকটের মধ্যেও পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা বিশ্বের অন্যতম বৃহৎ। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা মিলিয়ে মন্ত্রিসভার সদস্যসংখ্যা প্রায় ৫৭। এ ছাড়া বেসামরিক প্রশাসন পরিচালনায় ব্যয় ১ ট্রিলিয়ন রুপি ছাড়িয়েছে। প্রদেশগুলোর কাছে হস্তান্তরিত মন্ত্রণালয় বিলুপ্ত করা এবং একই ধরনের দায়িত্ব পালনকারী মন্ত্রণালয় একীভূত করার মাধ্যমে এই ব্যয় কমানোর সুযোগ রয়েছে।
দেশটিতে কৃচ্ছ্রসাধনের উদ্যোগও মূলত রাজনৈতিক ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ বলে সমালোচনা রয়েছে। সরকারি বাসভবন, বড় গাড়িবহর, বিনা মূল্যে জ্বালানি এবং বিদেশ সফরে ব্যয় অব্যাহত রয়েছে। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ব্যয় সংকোচনের আহ্বান জানানোর আগে সরকারি কর্মকর্তা ও আমলাদের নিজেদের ব্যয় কমানোর প্রয়োজনীয়তার কথা বলা হচ্ছে। পাশাপাশি সরকারি ও সামরিক পেনশন ব্যবস্থায় সংস্কারও গুরুত্বপূর্ণ। কারণ, পেনশনের ক্রমবর্ধমান দায় ভবিষ্যৎ সরকারের আর্থিক সক্ষমতার ওপর চাপ তৈরি করছে।
২০২৫ সালের জুন নাগাদ পাকিস্তানের সরকারি ঋণ জিডিপির ৭০ দশমিক ৭ শতাংশে পৌঁছেছে। সরকারের আয়ের অর্ধেকেরও বেশি ব্যয় হচ্ছে ঋণের সুদ পরিশোধে। এ পরিস্থিতি থেকে উত্তরণে শুধু আমদানি নিয়ন্ত্রণ কিংবা প্রবাসী আয় বাড়ানোর ওপর নির্ভর করলে চলবে না। রপ্তানি ও বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানিতে উচ্চ শুল্ক কমিয়ে দেশীয় শিল্পকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার উপযোগী করে তোলার প্রয়োজন রয়েছে। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন
জ/দি