রুশ হামলায় ইউক্রেনে পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি বাড়ার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-11-16T23:06:54+06:00
2026-11-16T23:06:54+06:00
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
রুশ হামলায় ইউক্রেনে পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি বাড়ার আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ১১:০৬ পিএম | ১৬ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
Advertisement
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবুধাবিতে শান্তি আলোচনা হলেও ইউক্রেন ও রাশিয়ার মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। বিশেষ করে ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র, বিদ্যুৎ সঞ্চালন লাইন ও সাবস্টেশন লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে মস্কো।

এ পরিস্থিতিতে আসন্ন শীত মৌসুমে ইউক্রেনে পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ৩৮টি দেশের পারমাণবিক নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা। সোমবার (১৬ নভেম্বর) প্রকাশের আগে রয়টার্সের হাতে আসা এক যৌথ বিবৃতিতে সংস্থাগুলো এ উদ্বেগের কথা জানায়।

বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ এবং দেশটির জ্বালানি অবকাঠামোয় অব্যাহত হামলার কারণে পারমাণবিক নিরাপত্তাঝুঁকি দ্রুত বাড়ছে। ইউক্রেনের পারমাণবিক স্থাপনা এবং সেগুলোর নিরাপদ পরিচালনার জন্য অপরিহার্য জ্বালানি অবকাঠামোয় রাশিয়ার হামলা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন।

নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রধান উদ্বেগ হলো, জাতীয় বিদ্যুৎ গ্রিড থেকে নিরবচ্ছিন্ন সরবরাহ না পেলে ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোর পক্ষে পারমাণবিক উপাদান ঠান্ডা রাখা এবং বড় ধরনের বিপর্যয় বা মেল্টডাউন ঠেকানো কঠিন হয়ে পড়বে। এমন পরিস্থিতিতে বাতাসে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

১৯৮৬ সালে চেরনোবিল দুর্ঘটনায় বিশ্বের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বেসামরিক পারমাণবিক বিপর্যয় ঘটে। ওই ঘটনায় ইউক্রেন, বেলারুশ, রাশিয়া এবং উত্তর ও মধ্য ইউরোপের বিভিন্ন অঞ্চলে আয়োডিন-১৩১, সিজিয়াম-১৩৪ ও সিজিয়াম-১৩৭-এর মতো তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়েছিল।

এই আহ্বানের সঙ্গে যুক্ত সংস্থাগুলো হলো ইউরোপীয় রেডিওলজিক্যাল প্রোটেকশন কম্পিটেন্ট অথরিটিজের প্রধানদের সংগঠন (হার্কা), ওয়েস্টার্ন ইউরোপিয়ান নিউক্লিয়ার রেগুলেটরস অ্যাসোসিয়েশন (ওয়েনরা) এবং নর্ডিক রেডিয়েশন সেফটি অথরিটিজের প্রধানদের সংগঠন (নোরা)। এসব সংস্থার মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য রাষ্ট্রসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও জাপানসহ মোট ৩৮টি দেশের প্রতিনিধিত্ব করা হয়।

হার্কা ও নোরার প্রধান পার স্ট্র্যান্ড এক সাক্ষাৎকারে জানান, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার হামলা আরও প্রাণঘাতী হয়ে উঠেছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, রাশিয়া এখন এমন ড্রোন ব্যবহার করছে, যেগুলো বেশি বিস্ফোরক বহন করতে সক্ষম এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষেত্রে অনেক বেশি নিখুঁত।

রয়টার্সকে তিনি বলেন, রাশিয়ার নতুন এই কৌশলের কারণে আসন্ন শীতে পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি সবচেয়ে বেশি থাকবে।

পার স্ট্র্যান্ডের মতে, সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে যদি পুরো ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড অকার্যকর হয়ে পড়ে বা ব্ল্যাকআউট ঘটে। এতে দেশটির নয়টি সক্রিয় পারমাণবিক চুল্লি একই সঙ্গে ঝুঁকির মুখে পড়বে। ওই চুল্লিগুলো থেকে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হলে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জোর দিয়ে বলেন, এখনই পদক্ষেপ নেওয়া এবং জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করা গেলে এ ধরনের পরিস্থিতি এড়ানো সম্ভব। তা না হলে সম্ভাব্য পারমাণবিক দুর্ঘটনার পরিণতি মোকাবিলায় ইউরোপীয় দেশগুলোকে জরুরি প্রস্তুতির বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

গত শনিবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানায়, গত সপ্তাহে সামরিক কর্মকাণ্ডের কারণে ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থায় অস্থিরতা দেখা দেয়। এর ফলে দেশটির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোর কয়েকটি সচল ইউনিটে উৎপাদন কমিয়ে দিতে হয়েছে।

ইউক্রেনে চারটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে। এর মধ্যে বর্তমানে তিনটি চালু আছে এবং চলতি শীতে দেশটির ব্যবহৃত বিদ্যুতের প্রায় ৮০ শতাংশ সরবরাহ করছে। চতুর্থ কেন্দ্রটি হলো ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়া, যা সম্মুখসারির কাছাকাছি এলাকায় রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।

জাপোরিঝিয়া কেন্দ্রটি বর্তমানে বিদ্যুৎ উৎপাদন করছে না। তবে পারমাণবিক উপাদান ঠান্ডা রাখা এবং বড় ধরনের বিপর্যয় বা মেল্টডাউন এড়াতে কেন্দ্রটির বাইরের বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন। এর যন্ত্রপাতি ইউক্রেন থেকে সরবরাহ করা বিদ্যুতের মাধ্যমে সচল রাখা হয়।

আইএইএর তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে জাপোরিঝিয়া কেন্দ্রটি ২৭ বার বাইরের বিদ্যুৎ সংযোগ হারিয়েছে। প্রতিবারই কেন্দ্রটিকে জরুরি ডিজেল জেনারেটরের ওপর নির্ভর করতে হয়েছে। সংস্থাটি আরও জানায়, মার্চের শেষ দিক থেকে কেন্দ্রটি মাত্র একটি বাইরের বিদ্যুৎ লাইনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

এদিকে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে হামলা চালানো এবং এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ তুলেছে। সূত্র: রয়টার্স।

জ/দি


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত