সাধারণত হ্যালোইনের রাতে রাস্তায় ভূত, সুপারহিরোসহ নানা কাল্পনিক চরিত্রের সাজে মানুষের ভিড় দেখা যায়। দৈনন্দিন জীবনের একঘেয়েমি কাটাতে উৎসবে মেতে ওঠেন তরুণেরা। তবে চলতি বছর চীনের কয়েকটি শহরে দেখা গেছে ভিন্ন চিত্র। কাল্পনিক চরিত্রের বদলে রাস্তায় ছিল উর্দিধারী পুলিশ, ব্যারিকেড এবং পোশাক ও সাজসজ্জার ওপর কঠোর বিধিনিষেধ।
চীনের অনেক তরুণের কাছে ৩১ অক্টোবর শুধু উৎসবের দিন নয়, বরং হাস্যরস ও ব্যঙ্গের মাধ্যমে দৈনন্দিন জীবনের হতাশা প্রকাশেরও একটি উপলক্ষ। তবে কর্তৃপক্ষ বিষয়টিকে সংবেদনশীল হিসেবে দেখছে। তাদের আশঙ্কা, হাস্যরস ও বিচিত্র সাজপোশাকের আড়ালে জন-অসন্তোষ প্রকাশের সুযোগ তৈরি হতে পারে।
গত ৩১ অক্টোবর বেইজিং, সাংহাই ও হাংজু শহরে মানুষের সমাগম বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়। জনপ্রিয় বিনোদনকেন্দ্রগুলোর আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। অনেক ক্লাব ও বিনোদনকেন্দ্রে বিশেষ সাজপোশাক নিষিদ্ধ করা হয়। উৎসবে অংশ নেওয়া কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করার খবরও পাওয়া গেছে।
সাংহাইয়ের চাংলে রোড, ইউয়ুয়ান রোড ও সাউথ শানজি রোডে এবারও বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, পুরো এলাকায় পুলিশের গাড়ি, ধাতব ব্যারিকেড এবং কড়া পাহারা। ফুক্সিং পার্কে আলোকসজ্জার সংস্কারকাজের কারণ দেখিয়ে ৩০ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত রাতের সব কার্যক্রম বন্ধ রাখা হয়।
অন্যদিকে, চীনা কমিউনিস্ট পার্টির পঞ্চম প্লেনাম অধিবেশনকে কেন্দ্র করে বেইজিংয়ে আগে থেকেই নিরাপত্তা জোরদার ছিল। এক স্থানীয় সাংবাদিক জানান, কূটনৈতিক এলাকায় পুলিশের কড়া অবস্থান ছিল। বিদেশি সংবাদমাধ্যমের কর্মীদের সাধারণ মানুষের সাক্ষাৎকার নিতেও বাধা দেওয়া হয়েছে।
নিরাপত্তার কড়াকড়ি শুধু রাস্তায় সীমাবদ্ধ ছিল না। বেইজিংয়ের জনপ্রিয় দুটি নাইটক্লাব ‘পিলবক্স’ ও ‘দাদা’ নিরাপত্তার কারণ দেখিয়ে হ্যালোইন-সংক্রান্ত পোশাক, মুখোশ ও বিশেষ সাজসজ্জা নিয়ে প্রবেশ নিষিদ্ধ করে।
এদিকে, হাংজু শহরে জাপানি কাল্পনিক সুপারহিরো ‘আল্ট্রাম্যান টিগা’র পোশাক পরা এক ব্যক্তিকে পুলিশ সরিয়ে নিচ্ছে—এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর সমালোচনা শুরু হয়। কাল্পনিক চরিত্রের পোশাক পরার কারণে পুলিশের হস্তক্ষেপ কেন প্রয়োজন হলো, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। এ ছাড়া বৌদ্ধ দেবী ‘গুয়ানিন’ ও সম্পদের দেবতা ‘কাইশেন’-এর সাজে থাকা ব্যক্তিদেরও পুলিশ ফিরিয়ে দিয়েছে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, চীনের তরুণদের এবারের হ্যালোইন সাজপোশাকে উঠে এসেছে বেকারত্ব, অর্থনৈতিক চাপ, শেয়ারবাজারের পতন এবং প্রযুক্তির ওপর সরকারি নিয়ন্ত্রণের মতো বিষয়।
এবারের উদ্যাপনে এক তরুণ মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ‘ক্লড’-এর আদলে একটি ব্যঙ্গাত্মক বার্তা বহন করেন। সেখানে লেখা ছিল, ‘আপনি কি চীনা ব্যবহারকারী?’ উত্তর: ‘হ্যাঁ।’ চ্যাটবটের জবাব: ‘দুঃখিত, আপনি এটি ব্যবহার করতে পারবেন না।’ এর মাধ্যমে চীনে ইন্টারনেট ও বৈশ্বিক ডিজিটাল সেবায় প্রবেশাধিকারের সীমাবদ্ধতাকে কটাক্ষ করা হয়।
এ ছাড়া হাংজু ও শেনজেন শহরে শেয়ারবাজারের সূচকের পতনের রেখাচিত্র এবং বিনিয়োগকারীদের ক্ষতির চিত্রও পোশাকের মাধ্যমে তুলে ধরতে দেখা গেছে।
চীনে হ্যালোইন উদ্যাপন ঘিরে কর্তৃপক্ষের কড়াকড়ির সূত্রপাত মূলত ২০২৩ সালের অক্টোবরে। কঠোর ‘জিরো-কোভিড’ নীতি প্রত্যাহারের পর ওই বছর সাংহাইয়ের হ্যালোইন উদ্যাপন অপ্রত্যাশিতভাবে প্রতিবাদের মঞ্চে পরিণত হয়। সে সময় তরুণেরা সাদা ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী পরা স্বাস্থ্যকর্মী, নজরদারি ক্যামেরা কিংবা সাদা কাগজ হাতে নিয়ে সরকারি নীতির সমালোচনা করেন। এর পরের বছর, অর্থাৎ ২০২৪ সালেও পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে এবং তাঁদের মুখের সাজসজ্জা মুছে ফেলতে বাধ্য করে।
রাজনৈতিক স্লোগান বা আনুষ্ঠানিক বিক্ষোভের সুযোগ সীমিত থাকায় চীনের তরুণেরা এখন হ্যালোইনের মতো উৎসবকে নিজেদের বক্তব্য তুলে ধরার মাধ্যম হিসেবে বেছে নিচ্ছেন। তবে সুপারহিরোর পোশাক কিংবা শেয়ারবাজারের পতনের রেখাচিত্রও যখন নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়ায়, তখন দেশটির জনপরিসরে মতপ্রকাশের সুযোগ নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হচ্ছে।
জ/দি