পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোহাট জেলায় জুমার নামাজ চলাকালে একটি মসজিদের বাইরে শক্তিশালী আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জনের বেশি। নিহতদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য এবং ১১ জন বেসামরিক নাগরিক রয়েছেন।
শুক্রবার জুমার নামাজের সময় কোহাটের পুরোনো পুলিশ লাইনসের কাছে একটি মসজিদের বাইরে এ বিস্ফোরণ ঘটে। এলাকাটি প্রাদেশিক রাজধানী পেশোয়ার থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলে বড় একটি গর্তের সৃষ্টি হয়। পুলিশ জানিয়েছে, আহতদের বেশির ভাগই মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লি।
কোহাট জেলা সদর হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট (এমএস) তাহির আলী শাহ জিও নিউজকে বলেন, হামলার পর হাসপাতালটিতে ১৫ জনের মরদেহ এবং ৫০ জনের বেশি আহত ব্যক্তিকে আনা হয়েছে।
খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) জুলফিকার হামিদও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ডনকে জানান, একটি গাড়িতে থাকা আত্মঘাতী হামলাকারী প্রথমে একটি ভবনের ফটকে ধাক্কা দিয়ে বিস্ফোরণ ঘটায়।
আইজি বলেন, এরপর কয়েকজন হামলাকারী কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের (সিটিডি) ভবনের দিকে অগ্রসর হলে সেখানে তাদের নিষ্ক্রিয় করা হয়। অন্যদিকে, আরও তিনজন হামলাকারী স্পেশাল ব্রাঞ্চ ভবনের দিকে চলে যায়।
রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল আহমদ ফয়জি জানান, বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আহতদের দ্রুত নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হচ্ছে। তথ্যসূত্র: দ্য ইকোনমিক টাইমস
জ/শা