দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলকারখানা চালু, বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানো এবং স্থবির অর্থনীতিতে গতি ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজে অর্থ দিতে ১৭টি ব্যাংকের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। এসব ব্যাংক থেকে মোট ৪১ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে।
প্রণোদনা প্যাকেজে অর্থ দিতে সম্মত হওয়া ব্যাংকগুলো হলো সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, যমুনা ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, উত্তরা ব্যাংক, প্রাইম ব্যাংক, ব্যাংক এশিয়া, এনসিসি ব্যাংক, পূবালী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক।
গত ২৩ মে বাংলাদেশ ব্যাংক দীর্ঘদিন বন্ধ থাকা শিল্পকারখানা পুনরায় চালু, বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানো এবং অর্থনীতিকে সচল করতে ৬০ হাজার কোটি টাকার এ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে।
সেসময় এক ব্রিফিংয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেন, প্যাকেজটি মূলত একটি ‘উৎপাদন ও কর্মসংস্থান পুনরুদ্ধার’ কর্মসূচি। এর মাধ্যমে প্রায় ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার এ প্যাকেজের মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ৪১ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। বাকি ১৯ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে সরবরাহ করবে।
প্যাকেজের সবচেয়ে বড় অংশ, ২০ হাজার কোটি টাকা, বরাদ্দ রাখা হয়েছে দীর্ঘদিন বন্ধ থাকা শিল্পকারখানা পুনরায় চালুর জন্য। এ তহবিল থেকে বেসরকারি খাতের উদ্যোক্তাদের গড়ে সাড়ে ৭ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ বাস্তবায়িত হলে বন্ধ শিল্পকারখানা পুনরায় উৎপাদনে ফিরবে, নতুন বিনিয়োগ বাড়বে এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে গতি ফেরার প্রত্যাশা করা হচ্ছে।
জ/শা