দিনের আলো ফোটার আগেই ঝুম বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। আজ বুধবার (১১ নভেম্বর) ভোর পৌনে ৬টার দিকে শুরু হয় বৃষ্টি। বৃষ্টির সঙ্গে ছিল বজ্রপাত ও বিদ্যুতের ঝলকানি।
ঢাকায় বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছিল, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের অন্যান্য এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী কয়েক দিনে দেশের কোথাও কোথাও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
জ/দি