গোপালগঞ্জের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে কার্য নির্বাহী কমিটি গঠন নিয়ে অচলাবস্থা

গোপালগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

2026-11-12T19:41:16+06:00
2026-11-12T19:41:16+06:00
শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
গোপালগঞ্জের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে কার্য নির্বাহী কমিটি গঠন নিয়ে অচলাবস্থা
গোপালগঞ্জ প্রতিনিধি
⏲ ৭:৪১ পিএম | ১২ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবার
ছবি- গোপালগঞ্জ প্রতিনিধি
Advertisement
জেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলাজনিত জটিলতায় কার্যনির্বাহী কমিটি গঠনের প্রক্রিয়া আটকে রয়েছে। এতে প্রতিষ্ঠান দুটির সামগ্রিক শিক্ষার পরিবেশ ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ভোগান্তিতে পড়েছেন শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

জানা গেছে, জেলার কাশিয়ানী উপজেলার এমএ খালেক ডিগ্রি কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বেতন-ভাতা তুলতে পারছেন না। গত ৮ আগস্ট থেকে কলেজটির কার্যনির্বাহী কমিটির কার্যক্রম বন্ধ রয়েছে। কমিটির সভাপতি কে হবেন, তা নিয়ে দুই পক্ষের মধ্যে মতৈক্য না হওয়ায় বিষয়টি নিষ্পত্তির জন্য সভাপতি পদপ্রার্থী এক ব্যক্তি উচ্চ আদালতের শরণাপন্ন হন। পরে আদালত তিন মাসের জন্য কার্যনির্বাহী কমিটি গঠনের প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দেন। এ কারণে কলেজটির ৪৮ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী বেতন-ভাতা উত্তোলন করতে পারছেন না।

কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম সরদার বলেন, দুই পক্ষের এমন কর্মকাণ্ডের কারণে তাঁরা যেমন ভোগান্তিতে পড়েছেন, তেমনি শিক্ষার পরিবেশও স্বাভাবিক নেই। কমিটি গঠন নিয়ে জটিলতার পাশাপাশি অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদও শূন্য রয়েছে। ফলে প্রতিষ্ঠানের কোনো কার্যক্রমই সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এইচএসসি পরীক্ষার ফলাফলও মোটেও সন্তোষজনক হয়নি। ১৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস ও অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা প্রায় সমান।

এদিকে জেলার কোটালীপাড়া উপজেলার ৬৮ নম্বর তাড়াশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট না হয়ে আদালতে মামলা করেছেন মহসিন শেখ নামে এক ব্যক্তি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার অধিকারী বলেন, নির্ধারিত তফশিল অনুযায়ী কার্যনির্বাহী কমিটি গঠনের জন্য গত ১৪ অক্টোবর নির্বাচনের তারিখ রাখা হয়েছিল। মহিলা সদস্য পদে মাত্র দুজন প্রার্থী থাকায় নিয়ম অনুযায়ী ওই পদে নির্বাচনের প্রয়োজন ছিল না। তবে পুরুষ সদস্য পদে প্রার্থী ছিলেন তিনজন। তাঁদের মধ্যে দুজন সদস্য হওয়ার সুযোগ থাকায় নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়।

তিনি জানান, তিনজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেও মহসিন শেখ নির্বাচনী ব্যয় বাবদ নির্ধারিত পাঁচ হাজার টাকা জমা দেননি। এর পরিবর্তে তিনি অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে বলে দাবি করেন। এ সময় উপজেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিষয়ে একটি পুলিশ প্রতিবেদন তৈরি করা হয়। ফলে নির্বাচনী প্রক্রিয়া আর এগোয়নি।

প্রধান শিক্ষক আরও বলেন, নির্বাচনী শর্ত পূরণ না করায় মহসিন শেখের প্রার্থিতা বাতিল হয়। বাকি দুই প্রার্থীর মনোনয়ন বৈধ থাকায় নিয়ম অনুযায়ী আর নির্বাচনের প্রয়োজন ছিল না। সে ক্ষেত্রে তাঁরা চাইলে কমিটি গঠন করতে পারতেন।

অশোক কুমার অধিকারী জানান, মহসিন শেখ আদালতে নির্বাচন না করার বিষয়ে অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। তবে বিজ্ঞ আদালত তাঁকে, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সুমঙ্গল বালা এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্তকে দুই দিনের মধ্যে হাজির হয়ে কারণ দর্শানোর নোটিশ দেন। বিষয়টি আদালত পর্যন্ত গড়ানোর পর তাঁরা আর কমিটি গঠনের চেষ্টা করেননি।

সংশ্লিষ্টদের মতে, কার্যনির্বাহী কমিটি ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা কঠিন। তাই দ্রুত এ জটিলতার নিষ্পত্তি না হলে প্রতিষ্ঠান দুটির শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে ভোগান্তি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত