গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স ড্রিল শেডে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার আয়োজিত এ সভায় পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালন, সার্বিক কল্যাণ এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ (বিপিএম-সেবা) সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. সায়ফুজ্জামান ফারুকী।
সভায় পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা ও সতর্কতা, সার্বিক কল্যাণ, বিদ্যমান সমস্যা এবং সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা ও মতবিনিময় হয়।
এ সময় প্রধান অতিথি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদের কল্যাণ এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কল্যাণ সভা পুলিশ সদস্যদের মনোবল বাড়ানো, পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় করা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ এ কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জ/দি