ফেসবুক-ইনস্টাগ্রামে কিশোরদের জন্য মেটার নতুন কড়াকড়ি

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি

2026-11-11T01:42:52+06:00
2026-11-11T01:42:52+06:00
বুধবার ● ১১ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
Advertisement
প্রযুক্তি
ফেসবুক-ইনস্টাগ্রামে কিশোরদের জন্য মেটার নতুন কড়াকড়ি
তথ্যপ্রযুক্তি ডেস্ক
⏲ ১:৪২ এএম | ১১ নভেম্বর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
Advertisement
সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরদের নিরাপত্তা বাড়াতে বয়স শনাক্তকরণ প্রযুক্তির ব্যবহার বিশ্বজুড়ে সম্প্রসারণ করছে মেটা। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় ব্যবহারকারীর বয়স সম্পর্কে ধারণা নিয়ে সন্দেহভাজন কিশোরদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে বয়স উপযোগী সুরক্ষাব্যবস্থা চালু করা হবে। চলতি মাস থেকেই ইনস্টাগ্রামে এ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। খবর আল-জাজিরার।

গত সোমবার (৯ নভেম্বর) এক ঘোষণায় মেটা জানায়, কোনো ব্যবহারকারী অ্যাকাউন্ট খোলার সময় নিজের বয়স ১৮ বছরের বেশি উল্লেখ করলেও তার পোস্ট, অনলাইন আচরণ ও বিভিন্ন কার্যক্রম বিশ্লেষণ করে তাকে কিশোর হিসেবে শনাক্ত করতে পারবে এআই প্রযুক্তি। এমনভাবে কাউকে কিশোর হিসেবে শনাক্ত করা হলে সংশ্লিষ্ট অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে ‘টিন অ্যাকাউন্ট’ বা কিশোরদের জন্য নির্ধারিত নিরাপত্তাব্যবস্থা কার্যকর হবে।

মেটার দাবি, এ প্রযুক্তি চালুর ফলে আগের তুলনায় বেশি কিশোরকে বয়স উপযোগী সুরক্ষার আওতায় আনা সম্ভব হয়েছে। এ সাফল্যের ভিত্তিতেই বিশ্বব্যাপী প্রযুক্তিটির ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে এ ব্যবস্থা চালু করা হয়েছিল।

নতুন উদ্যোগের আওতায় চলতি মাসে যুক্তরাষ্ট্রের যেসব অভিভাবক তাঁদের কিশোর সন্তানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পরিচালনা করছেন, তাঁরা এ ব্যবস্থা সম্পর্কে নোটিফিকেশন পাবেন। বছরের পরবর্তী সময়ে ফেসবুক ও থ্রেডসেও বয়স শনাক্তকরণ প্রযুক্তি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে মেটার।

মেটার ‘টিন অ্যাকাউন্টে’ কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু বিধিনিষেধ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৩ বছরের কম বয়সীদের অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা, প্রতিদিন নির্দিষ্ট সময় পর অ্যাপ থেকে বিরতি নেওয়ার পরামর্শ এবং রাতে ঘুমের সময় নোটিফিকেশন বন্ধ রাখার ব্যবস্থা।

এ ছাড়া দৈনিক অ্যাপ ব্যবহারের সময় দুই ঘণ্টায় সীমিত রাখা এবং সামাজিক তুলনা তৈরিতে ভূমিকা রাখতে পারে—এমন কিছু লাইক ও রিঅ্যাকশন ফিচার সীমিত করার ব্যবস্থাও রয়েছে।

কিশোরদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও অপরিচিত ও প্রাপ্তবয়স্কদের ওপর বাড়তি নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। একটানা ১৫ মিনিট অ্যাপ ব্যবহারের পর বিরতি নেওয়ার পরামর্শ দেওয়া হবে। পাশাপাশি দৈনিক ব্যবহারের সময় ৬০ ও ৯০ মিনিটে পৌঁছালে ব্যবহারকারীদের সতর্কবার্তা দেখানো হবে।

কিশোরদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তার ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। শিশু বিকাশ বিশেষজ্ঞদের মতে, ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো প্ল্যাটফর্ম তরুণদের অতিরিক্ত ব্যবহারে উৎসাহিত করতে পারে। একই সঙ্গে লাইক, কমেন্ট ও রিঅ্যাকশনের মাধ্যমে অন্যদের সঙ্গে নিজেদের তুলনা করার প্রবণতা এবং ক্ষতিকর অনলাইন কনটেন্টের সংস্পর্শে আসার ঝুঁকিও তৈরি হয়।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল মেটার বিরুদ্ধে মামলা করেছেন। তাঁদের অভিযোগ, প্রতিষ্ঠানটির সামাজিক যোগাযোগমাধ্যমগুলো আসক্তিমূলক আচরণে উৎসাহিত করে, ব্যবহারকারীদের বয়স যথাযথভাবে যাচাই করে না এবং কিশোরদের অভিভাবকদের নিয়ন্ত্রণ এড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি করে।

এসব সমালোচনা, আইনি পদক্ষেপ ও আর্থিক সমঝোতার চাপের মধ্যে কিশোরদের অনলাইন নিরাপত্তা জোরদারে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। বয়স শনাক্তকরণ প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে প্ল্যাটফর্মগুলোতে কিশোরদের জন্য নির্ধারিত সুরক্ষাব্যবস্থা আরও কার্যকর করাই প্রতিষ্ঠানটির লক্ষ্য।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত