জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দেশীয় ধানের জাত সংরক্ষণ ও সম্প্রসারণের লক্ষ্যে নেত্রকোণায় কৃষক নেতৃত্বে ধানজাত গবেষণা ও বাছাইবিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে আটপাড়া উপজেলার রামেশ্বরপুর গ্রামে বেসরকারি গবেষণা সংস্থা বারসিকের (বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ) উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বারসিকের নেত্রকোণা অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমানের তত্ত্বাবধানে আয়োজিত মাঠ দিবসে কৃষক-কৃষাণী ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তাঁরা বারসিকের দেশীয় ধানের জাত সংরক্ষণ ও প্রদর্শনী প্লট ঘুরে দেখেন। পাশাপাশি বিভিন্ন ধানের জাতের বৈশিষ্ট্য সম্পর্কে হাতে-কলমে ধারণা নেন। আগামী মৌসুমে চাষাবাদের জন্য নিজেদের পছন্দ এবং স্থানীয় পরিবেশের উপযোগিতা বিবেচনা করে ধানের জাতও নির্বাচন করেন তাঁরা।
মাঠ পরিদর্শন শেষে বারসিক কার্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সংস্থাটির নেত্রকোণা অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান, কৃষক সংগঠক সায়েদ আহম্মদ খান ও মো. তাইজুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষি খাতে নানা ধরনের ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতিতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পরিবেশের উপযোগী দেশীয় ধানের জাত সংরক্ষণ ও চাষাবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তাঁরা আরও বলেন, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমাতে হবে। একই সঙ্গে কীটনাশকমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
জ/দি