একসময় দেশের অর্থনীতির অন্যতম প্রধান রপ্তানি পণ্য পাটের সুদিন ফিরতে শুরু করেছে। বিশ্ববাজারে পরিবেশবান্ধব ও প্রাকৃতিক তন্তু দিয়ে তৈরি পণ্যের চাহিদা বাড়ায় বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এ খাতের রপ্তানি আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেড়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে আয় হয়েছিল ২৭৭ দশমিক ৩৭ মিলিয়ন মার্কিন ডলার। চলতি অর্থবছরের একই সময়ে এ আয় বেড়ে দাঁড়িয়েছে ৩৪৬ দশমিক ৩৭ মিলিয়ন ডলারে। অর্থাৎ, চার মাসে রপ্তানি আয় বেড়েছে ৬৯ মিলিয়ন ডলার বা ২৪ দশমিক ৮৮ শতাংশ।
পণ্যভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে কাঁচা পাট রপ্তানিতে। গত অর্থবছরের প্রথম চার মাসে এ পণ্য রপ্তানি করে আয় হয়েছিল ৩৩ দশমিক ২১ মিলিয়ন ডলার। চলতি অর্থবছরের একই সময়ে তা বেড়ে হয়েছে ৫৩ দশমিক ৯৪ মিলিয়ন ডলার। এ ক্ষেত্রে প্রবৃদ্ধির হার ৬২ দশমিক ৪২ শতাংশ।
অন্যদিকে, পাট খাতের রপ্তানি আয়ের সবচেয়ে বড় অংশ আসছে পাট সুতা ও টুইন থেকে। ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে এ পণ্য রপ্তানি করে আয় হয়েছিল ১৬৫ দশমিক ৭০ মিলিয়ন ডলার। চলতি অর্থবছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ২১৬ দশমিক ৫৪ মিলিয়ন ডলারে। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৩০ দশমিক ৬৮ শতাংশ।
তবে চট ও থলে রপ্তানিতে আয় কিছুটা কমেছে। গত অর্থবছরের প্রথম চার মাসে এ খাত থেকে আয় হয়েছিল ৫৭ দশমিক ৭২ মিলিয়ন ডলার, যা চলতি অর্থবছরের একই সময়ে কমে হয়েছে ৫৩ দশমিক ৪৩ মিলিয়ন ডলার। বিপরীতে অন্যান্য পাটজাত পণ্যের রপ্তানি আয় ২০ দশমিক ৭৪ মিলিয়ন ডলার থেকে বেড়ে ২২ দশমিক ৪৬ মিলিয়ন ডলারে পৌঁছেছে।
বিশ্ববাজারে প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের তৈরি ব্যাগ, প্যাকেজিং সামগ্রী, গৃহসজ্জার উপকরণ, কারিগরি বস্ত্র ও ফ্যাশন পণ্যের চাহিদা বাড়ছে। পাশাপাশি পাটকাঠি থেকে উৎপাদিত চারকোলসহ বহুমুখী পণ্যেরও আন্তর্জাতিক বাজারে সম্ভাবনা তৈরি হয়েছে। এসব পণ্যের উৎপাদন ও রপ্তানি বাড়ানো গেলে প্রচলিত পাটপণ্যের পাশাপাশি নতুন নতুন খাত থেকেও বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি হবে।
এই সম্ভাবনাকে কাজে লাগাতে ২০২৬-২০৩১ মেয়াদে পাঁচ বছরব্যাপী ‘বাংলাদেশ পাট খাত উন্নয়ন কৌশল ও কর্মপরিকল্পনা’ গ্রহণের উদ্যোগ নিয়েছে সরকার। এর অন্যতম লক্ষ্য ২০৩১ সালের মধ্যে পাট ও পাটজাত পণ্যের বার্ষিক রপ্তানি আয় ১ দশমিক ৬৪ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা।
এ লক্ষ্য অর্জনে কাঁচা পাটের বার্ষিক উৎপাদন ১ কোটি ১৫ লাখ বেল থেকে বাড়িয়ে ১ কোটি ২০ লাখ বেলে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে দেশে পাটবীজের মোট চাহিদার ৮৫ থেকে ৯০ শতাংশ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
পরিকল্পনায় পাটজাত পণ্যের বহুমুখীকরণ ও মূল্য সংযোজনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে মোট পাটপণ্য রপ্তানির প্রায় ৪৫ শতাংশ আসে মূল্য সংযোজিত পণ্য থেকে। ২০৩১ সালের মধ্যে এ হার ৭০ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে।
এ জন্য জিওটেক্সটাইল, পরিবেশবান্ধব প্যাকেজিং, হোম ফার্নিশিং, কারিগরি বস্ত্র এবং বিভিন্ন শিল্পে ব্যবহৃত পাটজাত পণ্যের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি গবেষণা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, পণ্যের মান উন্নয়ন ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণেও গুরুত্ব দেওয়া হয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়নে সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ ৪ হাজার ৭৫০ কোটি টাকা।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, তৈরি পোশাকশিল্পের পাশাপাশি পাট ও পাটজাত পণ্যসহ অন্যান্য সম্ভাবনাময় রপ্তানি খাতের বিকাশে প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
তিনি বলেন, বাংলাদেশকে বিনিয়োগ, উৎপাদন ও রপ্তানির আঞ্চলিক কেন্দ্রে পরিণত করতে চায় সরকার। এ লক্ষ্য অর্জনে সম্ভাবনাময় শিল্প খাতগুলোর সক্ষমতা বাড়ানো, নতুন বিনিয়োগ আকৃষ্ট করা এবং রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বাংলাদেশ জুট ডাইভার্সিফাইড প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রাশেদুল করীম মুন্না বলেন, পাট রপ্তানি, বিশেষ করে কাঁচা পাট রপ্তানি বৃদ্ধি এ খাতের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। তবে মূল্য সংযোজিত পণ্য রপ্তানিতে বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে। পাটের বহুমুখী ব্যবহার এবং উচ্চমূল্যের পণ্য উৎপাদনের সক্ষমতা বাড়ানো গেলে এ খাতের বার্ষিক রপ্তানি আয় ২ থেকে ৩ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা সম্ভব।
তিনি আরও বলেন, এ লক্ষ্য অর্জনে গবেষণা ও পণ্য উন্নয়নের পাশাপাশি প্রয়োজনীয় নীতি সহায়তা নিশ্চিত করতে হবে। এ জন্য সরকারের একটি সুপরিকল্পিত কৌশলগত কর্মপরিকল্পনা প্রয়োজন। একই সঙ্গে গবেষণা ও পণ্য উন্নয়নে একটি বিশেষায়িত সার্ভিস সেন্টার প্রতিষ্ঠা করা জরুরি।
এ ধরনের কেন্দ্র প্রতিষ্ঠিত হলে উদ্যোক্তারা আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী পণ্যের নকশা, গুণগত মান ও উৎপাদনপ্রযুক্তি উন্নয়নে কারিগরি সহায়তা পাবেন। এর ফলে নতুন পণ্য উদ্ভাবনের সুযোগ বাড়বে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পাটজাত পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা আরও শক্তিশালী হবে।
জ/দি