আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোগানের দ্বিপক্ষীয় বৈঠক

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-11T02:23:11+06:00
2026-11-11T02:23:11+06:00
বুধবার ● ১১ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোগানের দ্বিপক্ষীয় বৈঠক
জবাবদিহি ডেস্ক
⏲ ২:২৩ এএম | ১১ নভেম্বর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
Advertisement
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ৩০ মিনিটের বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ শুরুর আগের দিন দুই দেশের শীর্ষ নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হলো।

প্রধানমন্ত্রী আজ বুধবার কপ-৩১ সম্মেলনে যোগ দেবেন। আগামীকাল বৃহস্পতিবার সম্মেলনের মূল অধিবেশনে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে তুরস্কের আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। আনতালিয়া বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান দেশটির সংস্কৃতি ও পর্যটনবিষয়ক উপমন্ত্রী ড. সর্দার শ্যাম। এ সময় প্রধানমন্ত্রীকে বিশেষ গার্ড অব অনার দেওয়া হয়।

আনতালিয়ায় পৌঁছানোর আগে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে কিছু সময় যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। সেখানে দুই ঘণ্টা যাত্রাবিরতির পর স্থানীয় সময় দুপুর ২টা ৫৫ মিনিটে আনতালিয়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে ভিভিআইপি মর্যাদায় বিমানবন্দরের ভেতরে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবনে নেওয়া হয়। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম. ইলকার হাকতানকাচমাজ।

কপ-৩১ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে।

সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। এ ছাড়া জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, বিএনপি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব এস এম জাহাঙ্গীর এমপি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. সোহাগ আউয়াল, প্রেস সচিব সালেহ শিবলী এবং উপ-প্রেস সচিব হাসান শিপলু।

এ ছাড়া সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত