নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-12T18:30:43+06:00
2026-11-12T18:30:43+06:00
শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ৬:৩০ পিএম | ১২ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
Advertisement
সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। প্রাথমিক তদন্তে বাড়িটির পুরোনো বৈদ্যুতিক সংযোগে ত্রুটি থাকার বিষয়টি সামনে এসেছে বলে জানান তিনি। তবে আগুনের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান, ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখানে গেছেন। বৃহস্পতিবার সকালে নিজে কথা বলে পুলিশ সুপারকেও ঘটনাস্থলে পাঠিয়েছেন তিনি। সীমান্তের কাছাকাছি হওয়ায় সেখানে বিজিবির একটি দলও পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফায়ার সার্ভিসের জরুরি সেবা ৯৯৯-এ খবর পাওয়ার পরপরই পার্শ্ববর্তী থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ঘটনার সময় ও স্থান সম্পর্কে তিনি বলেন, গত রাত ১২টা ২০ মিনিটে, অর্থাৎ ১২ নভেম্বরের শুরুতে, সীমান্ত থেকে ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়ির একটি টিনশেড আধাপাকা ঘরে আগুন লাগে।

তিনি জানান, ওই বাড়ি থেকে প্রায় ২০ মিটার দূরে তিনতলা একটি ভবনে নুসরাতের বাবা-মা অবস্থান করেন। অগ্নিকাণ্ডের শিকার বাড়িটিতে কেউ বসবাস করতেন না। সেখানে দুটি ছাগলসহ কিছু জিনিসপত্র রাখা ছিল।

আগুন লাগার ঘটনা নাশকতা কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে যৌথ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, তদন্ত দলে বিজিবি, ফায়ার সার্ভিস, সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের সদস্যরা থাকবেন। বাড়িটি পরিত্যক্ত হলেও এটি একজন সংসদ সদস্যের মালিকানাধীন হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

প্রাথমিক পর্যবেক্ষণের কথা তুলে ধরে সালাহউদ্দিন আহমেদ বলেন, স্থানীয় বাসিন্দা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলে এখন পর্যন্ত পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দের তথ্য পাওয়া যায়নি। বাড়ির দেয়ালেও পেট্রোল বোমার ব্যবহারের কোনো চিহ্ন মেলেনি। কোনো প্রত্যক্ষদর্শীর কাছ থেকেও এ ধরনের তথ্য পাওয়া যায়নি। তাই প্রাথমিকভাবে সেখানে পেট্রোল বোমা ব্যবহার করা হয়নি বলেই ধারণা করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বাড়িটিতে কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম ও কাপড়চোপড় ছিল। সেখানে থাকা দুটি ছাগল আগুনে মারা গেছে।

ঘটনাস্থলের ছবি, দেয়ালের অবস্থা, অডিও ও ভিডিওসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রাথমিকভাবে পাওয়া আলামত পর্যালোচনায় দেখা গেছে, বাড়িটি পুরোনো হওয়ায় বৈদ্যুতিক ওয়্যারিংয়ের অবস্থা দুর্বল ছিল। একটি ছবিতে শর্ট সার্কিটের মতো ঘটনার ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। তবে এসবই প্রাথমিক পর্যবেক্ষণ ও অনুমান। তদন্ত শেষ হলে এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য জানানো সম্ভব হবে।

নাশকতার সংশ্লিষ্টতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ যদি পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে থাকে, অধিকতর তদন্তে তা প্রমাণিত হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, এ ঘটনায় ইতিমধ্যে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ১২ নভেম্বর তারিখে করা ওই জিডির নম্বর ৭০৩। জিডির ভিত্তিতে পুলিশ বিভাগ তদন্ত করছে। তদন্ত চলমান থাকায় এ মুহূর্তে এ বিষয়ে আর কোনো বিশেষ বক্তব্য দিতে চান না বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাড়িটি অনেকটা পরিত্যক্ত ও দীর্ঘদিন অব্যবহৃত ছিল। এর বৈদ্যুতিক সংযোগও বেশ পুরোনো। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনাই বেশি বলে প্রতীয়মান হচ্ছে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের আগে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বিষয়টি সংসদে তুলে ধরেন। তিনি বলেন, কোনো সংসদ সদস্যের নিরাপত্তা বিঘ্নিত হলে তা দেশের সবার জন্যই উদ্বেগের বিষয়। যত দ্রুত সম্ভব ঘটনাটি তদন্ত করে সংসদে এ বিষয়ে জবাব দেওয়ার জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান। একই সঙ্গে বিষয়টি জানা থাকলে তখনই বক্তব্য দেওয়ার সুযোগ দেন।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি এ বিষয়ে বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিয়েই সংসদে এসেছেন। স্পিকারের অনুমতি পেলে তিনি তা উপস্থাপন করতে পারবেন।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত