গুম দিবস উপলক্ষে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্যজোট। আগামী রোববার (৩০ আগস্ট) বিকেল ৩টায় এ কর্মসূচি পালন করা হবে।
আজ বুধবার (২৬ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, দেশে গ্যাস, বিদ্যুৎ, তেল ও সারের সংকটসহ নানা দুর্ভোগ চলছে। এসব ক্ষেত্রে সরকারের ব্যর্থতা স্পষ্ট। একই সঙ্গে জুলাই সনদ ও গণরায় বাস্তবায়ন নিয়েও নানা আলোচনা চলছে।
হামিদুর রহমান আযাদ বলেন, গুমের শিকার অনেক পরিবারের সদস্য এখনো জানেন না তাদের স্বজনরা কোথায় আছেন। অতীতে বিচারবহির্ভূতভাবে অনেক মানুষ গুম ও হত্যার শিকার হয়েছেন। এসব ঘটনারও এখন পর্যন্ত সুষ্ঠু বিচার হয়নি।
তিনি বলেন, এসব বিষয় সামনে রেখে আগামী ৩০ আগস্ট বিকেল ৩টায় গুমের শিকার পরিবারের সদস্যদের নিয়ে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা করবে ১১ দলীয় ঐক্যজোট।
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামসহ ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
জ/শা