অর্থনীতি ডেস্ক

অর্থনীতি

2026-08-24T11:34:05+06:00
2026-08-24T11:34:05+06:00
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Advertisement
অর্থনীতি
বাড়ছে বাংলা কিউআর লেনদেন, ১ নভেম্বর থেকে ব্যক্তি পর্যায়েও
অর্থনীতি ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১১:৩৪ এএম 
দেশে একক কিউআর কোড ব্যবস্থা ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক করার পর এ মাধ্যমে লেনদেন দ্রুত বাড়ছে। জুলাইয়ের শুরুতে যেখানে প্রতিদিন গড়ে ১ লাখ ৭৮ হাজার বাংলা কিউআর লেনদেন হতো, গত সপ্তাহে তা বেড়ে ৩ লাখ ৩ হাজারে পৌঁছেছে। একই সময়ে লেনদেনের আর্থিক পরিমাণও প্রায় তিন গুণ বেড়ে দৈনিক গড়ে ১১০ কোটি টাকার বেশি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাইয়ের শুরুতে বাংলা কিউআরের মাধ্যমে প্রতিদিন গড়ে ১ লাখ ৭৮ হাজার লেনদেন হয়েছে। এসব লেনদেনে দৈনিক গড়ে ৩৭ কোটি ৩৩ লাখ টাকার পণ্য ও সেবা কেনাকাটা করা হয়। গত সপ্তাহে লেনদেনের সংখ্যা বেড়ে দৈনিক গড়ে ৩ লাখ ৩ হাজারে দাঁড়িয়েছে। একই সময়ে লেনদেনের আর্থিক পরিমাণ বেড়ে হয়েছে ১১০ কোটি ৩৮ লাখ টাকা।

গত ১ জুলাই থেকে দেশে বিভিন্ন প্রতিষ্ঠানের নিজস্ব কিউআরের পরিবর্তে একক কিউআর হিসেবে বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এরপর থেকেই এই ব্যবস্থায় লেনদেনের পাশাপাশি মার্চেন্টের সংখ্যাও দ্রুত বাড়ছে।

বাংলা কিউআর ব্যবহারের আওতায় থাকা দোকান ও প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে। জুলাইয়ের শুরুতে মার্চেন্টের সংখ্যা ছিল প্রায় ১৬ লাখ। বর্তমানে তা বেড়ে প্রায় ৩০ লাখে পৌঁছেছে। বাংলা কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণে বেসরকারি ব্যাংকের পাশাপাশি সরকারি ব্যাংকগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বর্তমানে বাংলা কিউআর মূলত দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠানে পণ্য বা সেবা কেনার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। তবে বাণিজ্যিক লেনদেনের পাশাপাশি এবার ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়েও অর্থ স্থানান্তরের সুযোগ চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নতুন ব্যবস্থা চালু হলে প্রত্যেক ব্যক্তির জন্য একটি নির্দিষ্ট কিউআর কোড থাকবে। ওই কোড স্ক্যান করে নিজের ব্যাংক হিসাব অথবা মোবাইল আর্থিক সেবা (এমএফএস) হিসাব থেকে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে দ্রুত টাকা পাঠানো যাবে।

এর ফলে ব্যাংক থেকে ব্যাংক, এমএফএস থেকে এমএফএস এবং ব্যাংক থেকে এমএফএস অ্যাকাউন্টে সহজে অর্থ স্থানান্তরের সুযোগ তৈরি হবে।

বাংলা কিউআরভিত্তিক এই অ্যাপ ও প্ল্যাটফর্মের সঙ্গে বাণিজ্যিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি), পেমেন্ট সার্ভিস অপারেটর (পিএসও) এবং মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংযোগ থাকবে।

আগামী ১ নভেম্বরের মধ্যে ব্যক্তি পর্যায়ে বাংলা কিউআরের মাধ্যমে অর্থ স্থানান্তরের ব্যবস্থা চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন বলেন, ক্যাশলেস লেনদেন আরও বাড়াতে বাংলা কিউআরকে সহজ ও জনবান্ধব করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আগামী ১ নভেম্বর থেকে ব্যক্তি পর্যায়ে বাংলা কিউআরের মাধ্যমে অর্থ স্থানান্তরের ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

জ/উ






Advertisement
Loading...
Loading...
অর্থনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]