জবাবদিহি ডেস্ক

অর্থনীতি

2026-08-08T09:59:04+06:00
2026-08-08T09:59:04+06:00
শনিবার, ৮ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ৮ আগস্ট ২০২৬
অর্থনীতি
ক্যাশলেস লেনদেন বাড়াতে বাংলা কিউআর সম্প্রসারণে জোর গভর্নরের
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৯:৫৯ এএম 
দেশে নিরাপদ, সহজ, স্বল্পব্যয়ী ও অন্তর্ভুক্তিমূলক ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন গভর্নর মো. মোস্তাকুর রহমান। দুই দিনের দাপ্তরিক সফরের প্রথম দিনে শুক্রবার (৭ আগস্ট) চট্টগ্রামের ঐতিহ্যবাহী গণি বেকারি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৭ ও ৮ আগস্ট চট্টগ্রাম সফর করছেন গভর্নর। সফরে তিনি বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন দাপ্তরিক সভায় অংশ নেবেন। পাশাপাশি নগরীতে বাংলা কিউআর প্রচারণা কার্যক্রমেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।

সফরের প্রথম দিনে গণি বেকারি থেকে ঐতিহ্যবাহী বেলা বিস্কুট কেনেন গভর্নর। পরে বাংলা কিউআরের মাধ্যমে এর মূল্য পরিশোধ করেন তিনি। গণি বেকারির মতো ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেন মো. মোস্তাকুর রহমান।

গভর্নর বলেন, গণি বেকারির মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে বাংলা কিউআরের ব্যবহার দেশের ডিজিটাল লেনদেনের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা এবং এ ব্যবস্থার প্রতি মানুষের আস্থার প্রতিফলন। ব্যবসা-বাণিজ্যে ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়লে লেনদেনে স্বচ্ছতা বৃদ্ধি, ব্যয় কমানো এবং আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দেশের সব ব্যবসা প্রতিষ্ঠানকে বাংলা কিউআর গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে ক্যাশলেস বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগে ব্যবসায়ীদের সক্রিয়ভাবে অংশ নিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর সারা দেশে দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এটি একটি আন্তঃপরিচালনযোগ্য (ইন্টারঅপারেবল), নিরাপদ ও সহজ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে কার্যক্রম পরিচালনা করছে।

জ/উ






Loading...
Loading...
অর্থনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]