জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-08-05T11:22:19+06:00
2026-08-05T11:22:19+06:00
বুধবার, ৫ আগস্ট ২০২৬
বাংলা English
বুধবার, ৫ আগস্ট ২০২৬
রাজনীতি
এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেপ্তার
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১১:২২ এএম 
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে একই ঘটনায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে সাময়িক অব্যাহতি দেয় এনসিপি।

আজ বুধবার (৫ আগস্ট) ভোরে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, বগুড়া জেলা বিএনপির এক নেতার দায়ের করা মামলায় ভোর ৪টার দিকে তানভীরকে গ্রেপ্তার করা হয়েছে।

তানভীরের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে সারজিস আলম বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে দেওয়া পোস্টটি দল সমর্থন করেনি। বিষয়টি জানানো হলে তানভীর পোস্টটি মুছে ফেলেন এবং পরে আরেকটি পোস্টে দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার আশ্বাস দেন।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন ও গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তানভীরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। গত শুক্রবার দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত নোটিশে কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

নোটিশে আগামী দুই কার্যদিবসের মধ্যে কেন তার বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা ও তথ্যপ্রমাণ কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে জমা দিতে বলা হয়েছে।

এদিকে, সারজিস আলম তার পোস্টে তানভীরের গ্রেপ্তারের সমালোচনা করেন এবং সিলেটে ছাত্রদলের হামলায় আহত ছাত্রশক্তির কর্মী আলিফের চোখ নষ্ট হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না হওয়া নিয়েও প্রশ্ন তোলেন।

উল্লেখ্য, গাজী সালাউদ্দীন তানভীরকে এর আগেও ২০২৫ সালের ২১ এপ্রিল সরকারি চাকরিতে নিয়োগে অনিয়ম ও পাঠ্যবই ছাপার কাগজের কমিশন-বাণিজ্যের অভিযোগে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে তিনি পুনরায় দলে দায়িত্ব পান।

জ/উ






Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]