পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার ব্রড পিকে তুষারধসে নেপাল, ওমান ও যুক্তরাষ্ট্রের তিন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিখোঁজ অন্য পর্বতারোহীদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের দ্বাদশ সর্বোচ্চ পর্বত ব্রড পিকের চূড়ায় আরোহনের সময় একটি আন্তর্জাতিক পর্বতারোহী দলের ওপর তুষারধস নেমে আসে। এরপর থেকেই তারা বেস ক্যাম্পের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেন।
নিহতরা হলেন নেপালের পুর বাহাদুর গুরুং, ওমানের নাথিরা আহমেদ এবং যুক্তরাষ্ট্রের ম্যালোরি গাইস। তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
এর আগে অনুসন্ধানকারী দল চারজন পর্বতারোহীর দেহাবশেষের সন্ধান পাওয়ার কথা জানিয়েছিল। তবে চতুর্থ ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
তীব্র তুষারঝড় ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। খারাপ আবহাওয়ায় হেলিকপ্টার চলাচলও সীমিত হয়ে পড়েছে।
গিলগিট-বালতিস্তানের মুখ্যমন্ত্রী আমজাদ হুসেন বলেন, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালানোর পর শনিবার আবারও উদ্ধার অভিযান শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অভিযানে পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টারও অংশ নিয়েছে।
পাকিস্তান আলপাইন ক্লাবের সহসভাপতি কারার হায়দরি জানান, তুষারধসের পর পর্বতারোহীরা বেস ক্যাম্পের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন।
দুর্ঘটনাকবলিত দলে বিভিন্ন দেশের পর্বতারোহী ছিলেন। তাদের মধ্যে পাঁচজন নেপালি, একজন ওমানি, একজন মার্কিন, একজন পাকিস্তানি, একজন চীনা এবং আরও একজন বিদেশি পর্বতারোহী রয়েছেন।
নিখোঁজদের মধ্যে কোনো চীনা নাগরিক রয়েছেন কি না, তা নিশ্চিত করতে কাজ করছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানিয়েছেন, চীনা নাগরিকদের সহায়তা এবং পাকিস্তানের উদ্ধার তৎপরতায় সহযোগিতা করতে চীন প্রস্তুত।
সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ হাজার ৪৭ মিটার (২৬ হাজার ৪০১ ফুট) উচ্চতার ব্রড পিক পাকিস্তানের কারাকোরাম পর্বতমালায় অবস্থিত বিশ্বের দ্বাদশ সর্বোচ্চ পর্বত। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের পর্বতারোহীরা এখানে আরোহনে আসেন। তবে তুষারধস, তীব্র ঠান্ডা এবং দ্রুত আবহাওয়ার পরিবর্তনের কারণে এ অঞ্চলে দুর্ঘটনার ঝুঁকি তুলনামূলকভাবে বেশি।
জ/উ