বিসিএসের গেজেট ও যোগদানে দীর্ঘসূত্রতা, আটকে ৫০তম বিসিএসের ফল

জবাবদিহি ডেস্ক

অন্যান্য

2026-11-28T19:20:03+06:00
2026-11-28T19:20:03+06:00
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
অন্যান্য
বিসিএসের গেজেট ও যোগদানে দীর্ঘসূত্রতা, আটকে ৫০তম বিসিএসের ফল
জবাবদিহি ডেস্ক
⏲ ৭:২০ পিএম | ২৮ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
Advertisement
বিজ্ঞপ্তি প্রকাশের এক বছরের মধ্যেই চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে চূড়ান্ত সুপারিশের পর পুলিশ ভেরিফিকেশন, গেজেট প্রকাশ ও যোগদান প্রক্রিয়ায় গড়ে প্রায় এক বছর সময় লেগে যাওয়ায় উদ্যোগটির সুফল মিলছে না। আগের বিসিএসের নিয়োগ কার্যক্রম শেষ না হওয়ায় সরাসরি প্রভাব পড়ছে পরবর্তী বিসিএসের ফল প্রকাশ ও নিয়োগে। এ জটিলতায় আটকে গেছে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশও।

২৬ নভেম্বরের মধ্যে ৫০তম বিসিএসের ফল প্রকাশের প্রস্তুতি প্রায় সম্পন্ন হলেও ৪৬তম বিসিএসের গেজেট ও যোগদান প্রক্রিয়া শেষ না হওয়ায় তা স্থগিত রাখা হয়েছে। মূলত ‘রিপিট ক্যাডার’ জটিলতা এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে বিভিন্ন বিসিএসের নিয়োগ কার্যক্রমেও দেখা যাচ্ছে একই ধরনের দীর্ঘসূত্রতা।

চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪৫৭ জনকে সুপারিশ করা হয়। কিন্তু নয় মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো গেজেট প্রকাশ করতে পারেনি জনপ্রশাসন মন্ত্রণালয়।

একইভাবে গত ২৮ জুন ৪৭তম বিসিএসের ফলে ১ হাজার ৩২০ জন ক্যাডার এবং ২০১ জন নন-ক্যাডারসহ মোট ১ হাজার ৫২১ জনকে সুপারিশ করা হয়। তবে প্রায় পাঁচ মাস ধরে তাঁদের ভেরিফিকেশন ও গেজেট কার্যক্রম আটকে রয়েছে।

এর আগে ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পর গেজেট ও যোগদান প্রক্রিয়া শেষ হতে সময় লেগেছে প্রায় ১১ মাস। ২০২৬ সালের ১ নভেম্বর যোগদান প্রক্রিয়া শেষ হয়। আর পুরো নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে সময় লেগেছে প্রায় চার বছর। ভেরিফিকেশন ও গেজেট প্রকাশে বিলম্বের কারণে ‘রিপিট ক্যাডার’ সমস্যা আরও তীব্র হচ্ছে বলে মনে করছেন চাকরিপ্রার্থীরা।

আগের বিসিএসে সুপারিশ পাওয়ার পরও যোগদান করতে না পারায় পরবর্তী বিসিএসে অংশ নিয়ে একই পদে আবারও সুপারিশ পাচ্ছেন অনেকে। এতে প্রতিটি বিসিএসে ২০০ থেকে ২৫০টি ক্যাডার পদ শূন্য থাকার আশঙ্কা তৈরি হচ্ছে। উদাহরণ হিসেবে ৪৪তম বিসিএসের ১ হাজার ৭১০টি পদের মধ্যে প্রায় ৪০০ জনকে রিপিট ক্যাডার হিসেবে উল্লেখ করা হয়েছে।

দীর্ঘ অপেক্ষায় প্রার্থীদের মধ্যে অনিশ্চয়তা ও মানসিক চাপ বাড়ছে। তাঁদের দাবি, পুলিশ যাচাই-বাছাই ও গেজেট প্রকাশের প্রক্রিয়া কোনোভাবেই দুই মাসের বেশি হওয়া উচিত নয়। পাশাপাশি বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চূড়ান্ত ফল, গেজেট ও যোগদান পর্যন্ত পুরো নিয়োগপ্রক্রিয়া ১৪ মাসের মধ্যে শেষ করার দাবি জানিয়েছেন তাঁরা।

নিয়মিত গেজেট প্রকাশের পাশাপাশি বাদ পড়া প্রার্থীদের পুনরায় যাচাই-বাছাই বা রি-ভেরিফিকেশন কার্যক্রমেও ধীরগতি দেখা গেছে। ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়া ১০৫ জনের মধ্যে ৪৯ জন প্রয়োজনীয় কাগজপত্র জমা দেননি। বাকি ৫৬ জন প্রশাসনিক ও ভেরিফিকেশন জটিলতায় বাদ পড়েন।

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে তাঁদের রি-ভেরিফিকেশন শেষ করার আশ্বাস দিয়েছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী। তবে এখন পর্যন্ত মাত্র ২৩ জনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। বাকিদের সঙ্গে যোগাযোগ কিংবা পুরো প্রক্রিয়া শেষ করার নির্দিষ্ট সময় সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, ৪৮তম বিসিএসে নিয়োগবঞ্চিত ২৭ জন প্রার্থীর রি-ভেরিফিকেশন শুরু হলেও দ্রুত তা শেষ করে সম্পূরক গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন বঞ্চিতরা। দীর্ঘ অপেক্ষায় তাঁদের পারিবারিক ও সামাজিক চাপ ক্রমেই বাড়ছে বলে জানিয়েছেন তাঁরা।

৪৬তম বিসিএসের গেজেট প্রকাশের অগ্রগতি জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবিহা ফাতেমাতুজ-জোহরা জানান, গেজেট প্রকাশের কাজ চলমান রয়েছে। তবে কবে নাগাদ তা প্রকাশ করা হবে, সে বিষয়ে এখনো কোনো তারিখ নির্ধারণ হয়নি। এ বিষয়ে বিস্তারিত জানতে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

সব মিলিয়ে বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের সময় কমানোর উদ্যোগ থাকলেও পরবর্তী ভেরিফিকেশন, গেজেট ও যোগদান প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা নিয়োগ কার্যক্রমকে পিছিয়ে দিচ্ছে। ফলে এক বিসিএসের জট অন্য বিসিএসের নিয়োগপ্রক্রিয়ায়ও প্রভাব ফেলছে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত