সুনামগঞ্জের ছাতক উপজেলায় বন্যায় ভেঙে পড়া জোড়াপানি-মৌলা সেতু পুনর্নির্মাণের প্রাথমিক কাজ শুরু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে সেতু নির্মাণের অংশ হিসেবে মাটি পরীক্ষা (সয়েল টেস্ট) সম্পন্ন করা হয়। সেতুটি নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩ কোটি টাকারও বেশি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তাদের তত্ত্বাবধানে সয়েল টেস্ট কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, ছাতক উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী আয়াতুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সেতু এলাকা পরিদর্শন করেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন।
এ সময় স্থানীয় মুরব্বি হাজী সরাফত আলীর সভাপতিত্বে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, দীর্ঘদিন ধরে সেতুটি ভেঙে থাকায় ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বিস্তীর্ণ এলাকার মানুষের যোগাযোগব্যবস্থা ব্যাহত হচ্ছে। বিশেষ করে শাকসবজি উৎপাদনের জন্য পরিচিত নরসিংপুর এলাকার কৃষকেরা উৎপাদিত ফসল বাজারজাত করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন। এতে যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যে স্থানীয় মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
তিনি বলেন, তিন কোটি টাকার বেশি ব্যয়ে সেতুটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করে জনদুর্ভোগ লাঘব করতে তাঁরা কাজ করছেন। সেতুটি ভেঙে পড়ার পর সাময়িক ভাবে যোগাযোগ সচল রাখতে স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতা-কর্মীরা শ্রম ও অর্থ ব্যয় করে কাঠের সাঁকো নির্মাণ করেছিলেন বলেও জানান তিনি। এ উদ্যোগের জন্য এলাকাবাসী ও নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংসদ সদস্য।
সয়েল টেস্ট ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খছরু, ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুর রহমান বাবুল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মনির উদ্দিন, উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুল আলিম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম লায়েক শাহ ও রাসেল তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।