ভোলার লালমোহন উপজেলায় বেতুয়া খালের ওপর একটি লোহার সেতু ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন তিন ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষ। এক কিলোমিটারের পথ পাড়ি দিতে তাঁদের ঘুরতে হচ্ছে প্রায় পাঁচ কিলোমিটার।
অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত কিংবা কৃষিপণ্য ও ব্যবসায়িক মালামাল পরিবহন-সব ক্ষেত্রেই ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। সেতুর ভাঙা অংশে সুপারি গাছ ফেলে তৈরি করা হয়েছে অস্থায়ী সাঁকো। ঝুঁকি নিয়ে সেই সাঁকো দিয়েই খাল পারাপার হচ্ছেন মানুষ। তবে সেতুটি ভেঙে পড়ার পাঁচ মাস পেরিয়ে গেলেও পুনর্নির্মাণের কাজ শুরু হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের চরউমেদ গ্রামে ডা. আজাহার উদ্দিন সড়কের পূর্ব পাশে বেতুয়া খালের ওপর সেতুটির অবস্থান। প্রায় দুই যুগ আগে নির্মিত ৪৫ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থের লোহার সেতুটি রমাগঞ্জ ইউনিয়নের সঙ্গে ধলীগৌরনগর ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকার যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল। এ সেতু দিয়ে স্থানীয় বাসিন্দারা হাটবাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে যাতায়াত করতেন।
গত ২৩ জুন ২০২৬ দুপুরে বালুভর্তি একটি ট্রাক সেতু পার হয়ে ধলীগৌরনগর ইউনিয়নের দিকে যাওয়ার সময় বিকট শব্দে সেতুটি ভেঙে খালে পড়ে যায়। এতে ট্রাকচালক মো. নাঈম ঘটনাস্থলেই নিহত হন এবং হেলপার আলামিন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর থেকে সেতুটি দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ভেঙে পড়া সেতুটির দুই প্রান্তের সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। স্থানীয় বাসিন্দারা সুপারি গাছ ফেলে একটি অস্থায়ী সাঁকো তৈরি করেছেন। এর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে হেঁটে খাল পার হচ্ছেন দুই পাড়ের মানুষ। তবে সাঁকো দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। ফলে কাছের এক কিলোমিটার পথ যেতে বিকল্প সড়ক ব্যবহার করে প্রায় পাঁচ কিলোমিটার ঘুরতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা মো. কবির বলেন, সেতুটি ছিল বেতুয়া খালের দুই পাড়ের মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম। এটি ভেঙে যাওয়ায় এক কিলোমিটারের পথ যেতে এখন পাঁচ কিলোমিটার ঘুরতে হয়। কোনো রোগী গুরুতর অসুস্থ হলে তাঁকে হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছে। এখানে অ্যাম্বুলেন্স যাওয়ার সুযোগ নেই। আমাদের ভোগান্তির শেষ নেই।
স্থানীয় বাসিন্দারা জানান, সুপারি গাছ দিয়ে তৈরি অস্থায়ী সাঁকোটি দিয়ে কোনোরকমে হেঁটে পারাপার হওয়া গেলেও এটি বেশ ঝুঁকিপূর্ণ। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জন্য এ পথে চলাচল করা কঠিন। ভারী মালামাল ও কৃষিযন্ত্র পারাপারের কোনো সুযোগ নেই।
মো. মফিজ ও নুরুল ইসলাম নামের দুই বাসিন্দা বলেন, সেতুটি তাঁদের এলাকার মানুষের জন্য আশীর্বাদস্বরূপ ছিল। এটি ভেঙে যাওয়ায় তিন ইউনিয়নের মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। খালের ওপারে ব্যবসার মালামাল নেওয়া এবং কৃষিকাজের জন্য পাওয়ার টিলার পারাপার করা যাচ্ছে না। বিকল্প পথে যাতায়াত করতে গিয়ে সময় ও অর্থ দুটিই বেশি ব্যয় হচ্ছে। জরুরি প্রয়োজনে দ্রুত গন্তব্যে পৌঁছানোও কঠিন হয়ে পড়েছে।
পূর্ব চরমোল্লাজি স্কুলের শিক্ষার্থী মো. ফাহিম ও আরাফাত জানায়, আগে তারা সেতুর ওপর দিয়ে হেঁটে বিদ্যালয়ে যেত। এখন সুপারি গাছ দিয়ে তৈরি সাঁকো পার হয়ে যেতে হয়। সাঁকো দিয়ে চলাচলের সময় তাদের ভয় লাগে। প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াত করতে গিয়ে ঝুঁকি নিতে হচ্ছে।
স্থানীয় শিক্ষক এমদাদুল ইসলাম বলেন, সেতুটি ভেঙে যাওয়ায় আশপাশের স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে। আগে অটোরিকশায় সহজেই বিদ্যালয়ে যাওয়া যেত। এখন অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছে। অ্যাম্বুলেন্স চলাচল করতে না পারায় বিকল্প পথে কয়েক কিলোমিটার ঘুরে রোগী নিতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সেখানে সতর্কতামূলক কোনো সাইনবোর্ড ছিল না। ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো বলে মনে করেন তাঁরা। সেতুটির ঝুঁকিপূর্ণ অবস্থা আগে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে দুর্ঘটনাটি এড়ানো যেত কি না, সেই প্রশ্নও তুলেছেন তাঁরা।
এ বিষয়ে লালমোহন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো. মাইদুল ইসলাম খান বলেন, প্রকল্প অনুমোদন ছাড়া উন্নয়ন কাজ শুরু করার সুযোগ নেই। প্রায় ৪৫ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণে আনুমানিক আড়াই থেকে তিন কোটি টাকা ব্যয় হতে পারে। এ জন্য উন্নয়ন প্রকল্পের আওতায় সেতুটি নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রকল্প অনুমোদনের অপেক্ষায় থাকলেও সেতুটির মাটি পরীক্ষা ও ভূ-উপরিতল জরিপ সম্পন্ন হয়েছে। নকশা প্রণয়নের জন্য সংশ্লিষ্ট প্রতিবেদন সদর দপ্তরে পাঠানো হয়েছে। লালমোহন ও তজুমদ্দিন উপজেলার জন্য প্রস্তাবিত প্রায় ৫০ কোটি টাকার একটি প্রকল্পে সেতুটি অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে অগ্রাধিকার ভিত্তিতে সেতুটির নির্মাণ কাজ শুরু করা হবে।