২০২৬ সালের সেরা ১০০ ছবির তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম। তালিকায় জায়গা পেয়েছে ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের স্প্যানিশ ডিফেন্ডার পাউ কুবারসিকে করা বিতর্কিত ট্যাকলের দৃশ্য।
বছর শেষ হতে এখনও এক মাস বাকি। এর মধ্যেই চলতি বছরের উল্লেখযোগ্য ১০০টি ছবি প্রকাশ করেছে টাইম। তালিকায় স্থান পাওয়া বিশ্বকাপ ফাইনালের ছবিতে দেখা যায়, এনজোর কঠিন ট্যাকলে শূন্যে ছিটকে পড়ছেন কুবারসি। প্রতিপক্ষের আঘাতে স্প্যানিশ ডিফেন্ডারের শরীর মাটি থেকে অনেকটা ওপরে উঠে গেছে। ওই ঘটনায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড নিয়ে মাঠ ছাড়তে হয় এনজোকে।
ঘটনার ভিডিওতে কুবারসির ছিটকে পড়ার দৃশ্য দেখা গেলেও স্থিরচিত্রে মুহূর্তটিকে আরও নাটকীয়ভাবে তুলে ধরেছেন গেটি ইমেজের আলোকচিত্রী আল বেল্লো। তাঁর ক্যামেরায় ধারণ করা ছবিতে মনে হচ্ছে, এনজোর মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছেন কুবারসি। মাঠের সবুজ ঘাসে দুই খেলোয়াড়ের ছায়া এবং মাঝমাঠের সাদা রেখা ছবিটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।
বিশ্বকাপ ফাইনালের ওই সময়ে বেশ চাপে ছিল লিওনেল স্কালোনির দল। অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শুরুর আগের যোগ করা সময়ে কুবারসিকে ফাউল করেন এনজো। এর আগে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় একটি হলুদ কার্ড দেখেছিলেন তিনি। দ্বিতীয়বার হলুদ কার্ড পাওয়ায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় আর্জেন্টাইন এই মিডফিল্ডারকে। অন্যদিকে, আঘাত এড়াতে কুবারসির শূন্যে উঠে যাওয়ার দৃশ্যটি ম্যাচের অন্যতম আলোচিত মুহূর্ত হয়ে ওঠে।
ক্রীড়া আলোকচিত্রী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন আল বেল্লো। ক্রীড়াঙ্গনের নানা গুরুত্বপূর্ণ মুহূর্ত ক্যামেরাবন্দি করে তিনি পেয়েছেন অসংখ্য পুরস্কার।
এদিকে, টাইমের ২০২৬ সালের সেরা ১০০ ছবির তালিকায় স্থান পেয়েছে গাজায় ফিলিস্তিনি ফুটবলারদের অনুশীলনের একটি ছবিও। গত ১৪ ফেব্রুয়ারি গাজা সিটিতে ছবিটি ধারণ করেন বার্তা সংস্থা এপির আলোকচিত্রী জেহাদ আলশরাফি।
ছবিতে দেখা যায়, ‘গাজা স্পোর্টস ক্লাব’-এর বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন করছেন ‘আল-আহলি ক্লাব’-এর খেলোয়াড়েরা। চারপাশের ধ্বংসস্তূপের মধ্যে নতুন করে তৈরি করা হয়েছে তাঁদের অনুশীলনের মাঠ। ইসরাইলের স্থল ও বিমান হামলায় আশপাশের বহু ভবন ধ্বংস হয়ে যায়। পরে ফিলিস্তিনি ফুটবল ফেডারেশন ধ্বংসস্তূপ সরিয়ে পুরোনো কৃত্রিম ঘাস বসিয়ে মাঠটি খেলার উপযোগী করে তোলে।
এর ফলে স্থানীয় দলগুলোর পাশাপাশি শারীরিক প্রতিবন্ধিতার শিকার খেলোয়াড়দেরও আবার খেলাধুলায় ফেরার সুযোগ তৈরি হয়েছে। ইসরাইল-হামাস যুদ্ধের সময় গাজার প্রধান ফুটবল স্টেডিয়ামটি পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার পর নতুন এই মাঠ স্থানীয় ফুটবলারদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
জ/দি