সেঞ্চুরিয়নে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে বাংলাদেশকে মাত্র ৯১ রানে অলআউট করার পর ব্যাট হাতেও দাপট দেখাচ্ছে স্বাগতিকরা। দ্বিতীয় দিনের শুরুতেই বাংলাদেশের রান ছাড়িয়ে লিড নিয়েছে তারা।
প্রথম দিন শেষে ১ উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করেছিল দক্ষিণ আফ্রিকা। তখন বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে ৩ রান পিছিয়ে ছিল স্বাগতিকরা। মঙ্গলবার দ্বিতীয় দিনের শুরুতে শরীফুল ইসলামের করা দিনের দ্বিতীয় ওভারে বাউন্ডারি হাঁকিয়ে টেস্ট ক্যারিয়ারের ১৬তম অর্ধশতক পূর্ণ করেন অ্যাকারম্যান। তাঁর এই মাইলফলকের সঙ্গেই বাংলাদেশের প্রথম ইনিংসের রান ছাড়িয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১১৫ রান। এতে স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ২৪ রানে। অ্যাকারম্যান ৬৩ রান নিয়ে অপরাজিত রয়েছেন। অন্য প্রান্তে হামজা জুবাইর অপরাজিত আছেন ১৮ রানে।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার পেসারদের সামনে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। মাত্র ৩৩.৩ ওভারেই ৯১ রানে গুটিয়ে যায় নাজমুল হোসেনের দল। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন মাহফিজুল ইসলাম।
জ/দি