দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে প্রাণিসম্পদজাত পণ্য রপ্তানির সম্ভাবনা কাজে লাগাতে খামারিদের আরও বেশি করে পশুপালনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ইউএনও বলেন, প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি খামারিদের উদ্দেশে বলেন, “আপনারা উদ্যোক্তা হন, নিজেরা স্বাবলম্বী হন এবং অন্যদেরও স্বাবলম্বী হতে সহায়তা করুন। প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।”
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের বজ্রকণ্ঠ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী ও খাদ্য নিয়ন্ত্রক ভক্তিপদ কর্মকার।
আলোচনা সভায় সফল খামারি মামুন খান তাঁর খামার গড়ে তোলার অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি জানান, মাত্র ৯ হাজার টাকা দিয়ে একটি গরু কিনে খামার শুরু করেছিলেন। বর্তমানে তাঁর খামারে ১৪টি গরু রয়েছে।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আসা প্রাণিসম্পদ উদ্যোক্তারা নিজেদের সফলতার গল্প তুলে ধরেন। বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের কর্মসূচি চলবে ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত।
জ/দি