বরিশালে ফুটপাতের বাজারে ক্রেতাদের ভিড়, মিলছে ২০ থেকে ৩০০ টাকায় শীতের পোশাক

বরিশাল প্রতিনিধি

দেশজুড়ে

2026-11-26T20:29:15+06:00
2026-11-26T20:29:15+06:00
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
বরিশালে ফুটপাতের বাজারে ক্রেতাদের ভিড়, মিলছে ২০ থেকে ৩০০ টাকায় শীতের পোশাক
বরিশাল প্রতিনিধি
⏲ ৮:২৯ পিএম | ২৬ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
Advertisement
শীতের আগমনী বার্তায় বরিশাল নগরীতে জমে উঠতে শুরু করেছে গরম পোশাকের বাজার। অভিজাত বিপণিবিতানের পাশাপাশি নগরীর কালেক্টরি পুকুরপাড়ের অস্থায়ী শীতবস্ত্রের বাজারেও বাড়ছে ক্রেতাদের ভিড়। মাত্র ২০ থেকে ৩০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের শীতের পোশাক। সুলভ মূল্যে পছন্দের পোশাক কেনার সুযোগ থাকায় নিম্ন আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের ক্রেতাদের কাছেও বাজারটি আকর্ষণীয় হয়ে উঠেছে।

নগরীর কালেক্টরি পুকুরপাড়ের আশপাশে গড়ে উঠেছে প্রায় ১০০ থেকে ১৫০টি অস্থায়ী পোশাকের দোকান। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত এসব দোকানে ক্রেতাদের উপস্থিতি বাড়ছে। শিশু থেকে বৃদ্ধ-সব বয়সী মানুষের জন্য রয়েছে নানা ধরনের শীতবস্ত্র। শিশুদের প্যান্ট, মোজা ও কোটের পাশাপাশি বড়দের কোট, ব্লেজার, নারীদের সোয়েটার ও জ্যাকেটসহ বিভিন্ন পোশাক সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ক্রেতাদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী পোশাক কেনার সুযোগ থাকায় বাজারটিতে আগ্রহ বাড়ছে।

বাজার ঘুরে দেখা যায়, শিশুদের পোশাকের প্রতি ক্রেতাদের আগ্রহ তুলনামূলক বেশি। কেউ নিজের জন্য, কেউ মা-বাবার জন্য, আবার কেউ পরিবারের সব সদস্যের জন্য শীতের পোশাক কিনছেন। দোকানে দোকানে চলছে ক্রেতা-বিক্রেতার দরদাম। স্বল্পমূল্যে পছন্দের পোশাক কিনতে পেরে সন্তুষ্টি প্রকাশ করছেন অনেকেই।

বাজারের ব্যবসায়ী মোহাম্মদ রুবেল হাওলাদার বলেন, শীতের আবহাওয়া এখনো পুরোপুরি শুরু হয়নি। তবে এরই মধ্যে বেচাকেনা ভালো হচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এবার শীতের শুরুতেই ভালো বিক্রির প্রত্যাশা করছেন তাঁরা। শীতের তীব্রতা বাড়লে বিক্রি আরও বাড়বে বলে আশা তাঁর। নিম্ন আয়ের মানুষ থেকে মধ্যবিত্ত পরিবারের ক্রেতাদের সামর্থ্যের কথা বিবেচনা করে সুলভ মূল্যে পোশাক বিক্রি করছেন বলেও জানান তিনি।

বাজারে কেনাকাটা করতে আসা একাধিক ক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, গত বছরের তুলনায় এবার তুলনামূলক কম দামে শীতের পোশাক কিনতে পারছেন তাঁরা। সাত থেকে আটজন ক্রেতার সঙ্গে কথা বলেও একই ধরনের অভিজ্ঞতার কথা জানা গেছে। তাঁদের অনেকেই নিজের পাশাপাশি মা-বাবা ও পরিবারের অন্য সদস্যদের জন্য পোশাক কিনছেন। সীমিত আয়ের মধ্যে পছন্দের পোশাক কিনতে পেরে সন্তুষ্ট তাঁরা।

ক্রেতাদের মতে, কম দামে বিভিন্ন ধরনের পোশাক পাওয়া যাওয়ায় পরিবারের সবার জন্য শীতের কাপড় কেনা সহজ হচ্ছে। অন্যদিকে, ক্রেতাদের উপস্থিতি ও বিক্রিতে সন্তুষ্ট ব্যবসায়ীরাও। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বেচাকেনা আরও বাড়বে বলে আশা করছেন তাঁরা।

সব মিলিয়ে শীতের আগমনী বার্তায় কালেক্টরি পুকুরপাড়ের অস্থায়ী পোশাকের বাজার এখন ক্রেতা-বিক্রেতার ব্যস্ততায় মুখর। স্বল্পমূল্যে শীতের পোশাক কেনার সুযোগ থাকায় বাজারটি বরিশাল নগরীর নিম্ন ও মধ্যবিত্ত মানুষের শীতের প্রস্তুতির অন্যতম ভরসা হয়ে উঠেছে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত