বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও ধারাবাহিকভাবে কমছে সোনার দাম। সর্বশেষ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভালো মানের ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এ নিয়ে টানা সাত দফায় প্রতি ভরিতে সর্বোচ্চ ১৭ হাজার ৫৫৪ টাকা কমেছে মূল্যবান এই ধাতুর দাম।
দাম কমার ফলে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ১২ হাজার ১১০ টাকা। শুক্রবার (২০ নভেম্বর) সারা দেশে এই দরে সোনা বিক্রি হচ্ছে।
বাজুসের নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ২ লাখ ১২ হাজার ১১০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৫৪৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৩ হাজার ৯৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৪২ হাজার ১৮৪ টাকায়।
বাজুস জানিয়েছে, অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি নির্ধারিত হবে। সোনা ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। তবে এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে।
এর আগে গত ১৮ নভেম্বর সকালে সোনার দাম সমন্বয় করে বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ছিল ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা।
এর আগে ১৪ নভেম্বর ভালো মানের প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়। তার আগে ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল।
সব মিলিয়ে টানা সাত দফায় প্রতি ভরিতে সর্বোচ্চ ১৭ হাজার ৫৫৪ টাকা কমেছে সোনার দাম।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪০ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৪ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়েছিল।
জ/শা