গণিতের সবচেয়ে কঠিন সমস্যা সমাধানের দাবি অ্যানথ্রপিকের

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি

2026-11-21T18:02:49+06:00
2026-11-21T18:02:49+06:00
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
প্রযুক্তি
গণিতের সবচেয়ে কঠিন সমস্যা সমাধানের দাবি অ্যানথ্রপিকের
তথ্যপ্রযুক্তি ডেস্ক
⏲ ৬:০২ পিএম | ২১ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
Advertisement
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় গণিতের প্রায় ১৭০ বছরের পুরোনো ও অন্যতম বিখ্যাত অমীমাংসিত সমস্যা ‘রিমান হাইপোথিসিস’-এর প্রমাণ তৈরি করার দাবি করেছেন অ্যানথ্রপিকের এক কর্মী ও গণিতবিদ।

লেভেন্ট আলপোগে নামের ওই গণিতবিদের দাবি, প্রতিষ্ঠানটির এআই চ্যাটবট ক্লড ব্যবহার করে প্রায় ছয় সপ্তাহের প্রচেষ্টায় তিনি সমস্যাটির একটি বিস্তারিত গাণিতিক প্রমাণ তৈরি করেছেন। দাবিটি সত্য প্রমাণিত হলে গণিতের ইতিহাসে এটি অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হবে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এ দাবির কথা জানান আলপোগে। অ্যানথ্রপিক যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার এক দিন পর তিনি এ ঘোষণা দেন।

তবে প্রমাণটি এখনও স্বাধীনভাবে যাচাই করা হয়নি। বিখ্যাত গণিতবিদ টেরেন্স তাও জানিয়েছেন, এর যথার্থতা যাচাই করতে আরও সময় প্রয়োজন।

জার্মান গণিতবিদ বার্নহার্ড রিমানের নামানুসারে ১৮৫৯ সালে উত্থাপিত এই অনুমানটি মৌলিক সংখ্যার বিন্যাস ও বণ্টনসংক্রান্ত। মৌলিক সংখ্যা গণিতের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। ফলে রিমান হাইপোথিসিসের সমাধান পাওয়া গেলে উচ্চতর গণিতের বিভিন্ন শাখায় এর ব্যাপক প্রভাব পড়তে পারে।

আলপোগের ভাষ্য অনুযায়ী, অ্যানথ্রপিকের সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত নয়-এমন একটি ক্লড সংস্করণ কাজে লাগিয়ে তিনি প্রমাণটি তৈরি করেছেন। ‘লিন’ (Lean) নামের গাণিতিক প্রমাণ যাচাইয়ের কম্পিউটার ভাষায় লেখা ওই প্রমাণের পূর্ণাঙ্গ পাঠ্য ২ লাখ ৫০ হাজার পৃষ্ঠারও বেশি।

এদিকে এআই ব্যবহার করে জটিল গাণিতিক সমস্যা সমাধানের দাবি নিয়ে বিতর্কও বাড়ছে। গত সেপ্টেম্বরে ওপেনএআই দাবি করেছিল, তাদের কর্মীরা এআইয়ের সহায়তায় নাভিয়ের-স্টোকস সমীকরণের একটি কঠিন সমস্যার অংশবিশেষ মাত্র ৮৮ ঘণ্টায় সমাধান করেছেন। তবে সেই প্রমাণও এখনও বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করা হয়নি।

গণিতবিদদের একটি দল সতর্ক করে বলেছে, বাণিজ্যিক পণ্যের সক্ষমতা তুলে ধরতে এআই প্রতিষ্ঠানগুলোর এ ধরনের সাফল্যের দাবি গণিতচর্চার জন্য ক্ষতিকর হতে পারে। ওপেনএআই পরবর্তী সময়ে আরও ৩৭২টি অমীমাংসিত গাণিতিক সমস্যার সমাধান অথবা উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করেছে। এসব দাবির সত্যতা যাচাই করতে কয়েক মাস বা তারও বেশি সময় লাগতে পারে।

অ্যানথ্রপিকের দাবি সত্য প্রমাণিত হলে জটিল গাণিতিক গবেষণায় এআইয়ের ভূমিকা নতুন মাত্রা পাবে। তবে বিশেষজ্ঞদের যাচাই শেষ না হওয়া পর্যন্ত এটিকে রিমান হাইপোথিসিসের নিশ্চিত সমাধান হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। সূত্র: বিবিসি

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত