ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, বাংলাদেশের দীর্ঘ সংগ্রামের ইতিহাস রয়েছে। ভারতে বসে উসকানি দিয়ে বোমাবাজি করে এ জাতিকে দমিয়ে রাখা যাবে না। রক্তের দাগ এখনো শুকায়নি বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, যিনি আওয়ামী লীগ গঠন করেছিলেন, সেই মওলানা ভাসানীকেই একসময় আওয়ামী লীগ নেতারা ভারতের চর বলে আখ্যা দিয়েছিলেন। অথচ এখন ভারতের মাটিতে বসেই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য উসকানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
রিজভীর দাবি, তাদের কর্মীরা থানা, পুলিশের গাড়ি ও বিএনপি নেতাদের বাড়িতে আগুন দিচ্ছে। পাশাপাশি গলি থেকে বোমা নিক্ষেপ এবং বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটাচ্ছে। অন্যদিকে, তাদের নেতারা কলকাতা ও দিল্লিতে ফ্ল্যাট কিনছেন বলে মন্তব্য করেন তিনি।
এ সময় শেখ হাসিনার দেশে ফেরার চেষ্টা প্রসঙ্গে রিজভী বলেন, ব্যাংক লুটপাট এবং ‘বাপের জমিদারি’ উদ্ধারের জন্য টোকাইদের দিয়ে বোমাবাজি করিয়ে শেখ হাসিনা দেশে ফেরার চেষ্টা করছেন।
জ/দি