জলাভূমি থেকে প্রযুক্তির মহাকেন্দ্র, শেনজেনে ইতিহাস গড়লেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-11-18T19:22:45+06:00
2026-11-18T19:22:45+06:00
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
জলাভূমি থেকে প্রযুক্তির মহাকেন্দ্র, শেনজেনে ইতিহাস গড়লেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৭:২২ পিএম | ১৮ নভেম্বর, ২০২৬ | বুধবার
ছবি- এআই নির্মিত
Advertisement
চীনের প্রযুক্তি ও শিল্পনগরী শেনজেনে সফর করে ইতিহাস গড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্বে থাকা কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিনিই প্রথম শহরটি সফর করলেন। নিউইয়র্কের বাইরে বিশ্বের অন্য যেকোনো শহরের তুলনায় শেনজেনে বিলিয়নেয়ারের সংখ্যা বেশি।

ট্রাম্পের এই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সামনে দেশটির আধুনিক অগ্রযাত্রার একটি উজ্জ্বল চিত্র তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। পরিকল্পিত নগরায়ণ, প্রযুক্তির দ্রুত বিকাশ এবং বিপুল সম্পদ সৃষ্টির মধ্য দিয়ে কীভাবে শেনজেন বদলে গেছে, তা দেখাতে পারবেন তিনি।

হংকংয়ের কাছাকাছি অবস্থিত শেনজেনকে চীনের ‘সিলিকন ভ্যালি’ বলা হয়। আধুনিক স্থাপত্যে গড়ে ওঠা এই নগরী প্রযুক্তি উদ্যোক্তা, খাবার সরবরাহকারী ড্রোন এবং বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটারের কেন্দ্র হিসেবে পরিচিত। প্রযুক্তিগত উদ্ভাবনের মধ্য দিয়ে চীনের অর্থনৈতিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে শহরটি।

শেনজেনেই উদ্ভাবন ও বিকাশ ঘটেছে এমন অনেক প্রযুক্তির, যেগুলোকে ঘিরে কাঁচামাল, উন্নত চিপ এবং লাভজনক বাজারের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের দ্বন্দ্ব আরও তীব্র হয়েছে। বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির মধ্যে চলমান ভঙ্গুর বাণিজ্যিক সমঝোতার মেয়াদ আগামী জানুয়ারিতে শেষ হওয়ার কথা।

বিদেশি পর্যটকদের কাছেও দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে শেনজেন। শহরটির ১ কোটি ৮০ লাখ বাসিন্দার সঙ্গে কথা বললে অনেকেই গর্বের সঙ্গে একে ‘অলৌকিক নগরী’ হিসেবে পরিচয় করিয়ে দেন।

অথচ মাত্র ৫০ বছর আগেও শেনজেনের আজকের এই পরিচয় ছিল না। সে সময় তরুণ ডোনাল্ড ট্রাম্প ম্যানহাটনে নিজের প্রথম আবাসন ব্যবসার চুক্তি নিয়ে ব্যস্ত ছিলেন। আর শেনজেন ছিল ম্যানগ্রোভ বন ও জলাভূমিতে ঘেরা একটি এলাকা। মাত্র চার দশকের ব্যবধানে সেই এলাকাই রূপ নিয়েছে ঝকঝকে আধুনিক মহানগরে।

কাউন্সিল অন ভার্টিক্যাল আরবানিজমের তথ্য অনুযায়ী, শেনজেনে নিউইয়র্কের চেয়েও বেশি আকাশচুম্বী ভবন রয়েছে। আর শিকাগোর তুলনায় শহরটিতে এমন ভবনের সংখ্যা প্রায় তিন গুণ।

শহরটির রাস্তায় হাঁটলেই আধুনিক প্রযুক্তির নানা ব্যবহার চোখে পড়ে। চালকবিহীন বৈদ্যুতিক ট্যাক্সি নীরবে চলাচল করছে। ড্রোনের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে গরম খাবার ও ঠান্ডা কফি। এমনকি রাস্তার পাশের গাছেও দেখা যায় প্রযুক্তির অভিনব ব্যবহার। গাছগুলোতে ঝুলছে স্বচ্ছ গোলাকার সৌরশক্তি সংগ্রাহক, যা দিনের আলোয় শক্তি সঞ্চয় করে রাতে সড়ক আলোকিত করে। সূত্র: সিএনএন

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত