বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিতের আহ্বান জার্মান রাষ্ট্রদূতের

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-18T16:47:08+06:00
2026-11-18T16:51:25+06:00
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিতের আহ্বান জার্মান রাষ্ট্রদূতের
জবাবদিহি ডেস্ক
⏲ ৪:৪৭ পিএম | ১৮ নভেম্বর, ২০২৬ | বুধবার
ছবি- এআই নির্মিত
Advertisement
বাংলাদেশে জার্মান বিনিয়োগ বাড়াতে সুশাসন, দুর্নীতিমুক্ত পরিবেশ ও কার্যকর ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন দেশটিতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ।

আজ বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘বাংলাদেশ-জার্মানি সম্পর্ক জোরদার: অগ্রাধিকার ও ভবিষ্যৎ দিকনির্দেশনা’ শীর্ষক কান্ট্রি লেকচার সিরিজে তিনি এসব কথা বলেন।

জার্মান রাষ্ট্রদূত বলেন, নতুন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের মতো অংশীদারের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী জার্মানি। দুই দেশের সম্পর্ক দীর্ঘমেয়াদি ও সমতার ভিত্তিতে গড়ে ওঠা প্রয়োজন।

তিনি জানান, বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্র খাত জার্মানির বাজারে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। জার্মানিতে বিক্রি হওয়া বস্ত্রপণ্যের প্রায় ২০ শতাংশ বাংলাদেশে উৎপাদিত। তবে শুধু তৈরি পোশাক খাতের ওপর নির্ভর না করে চামড়া, কৃষি-শিল্প ও ওষুধ খাতেও রপ্তানি এবং বিনিয়োগের সুযোগ বাড়ানোর ওপর জোর দেন তিনি।

রুডিগার লটজ বলেন, বিনিয়োগকারীরা ভালো সুশাসন, দুর্নীতিমুক্ত পরিবেশ ও কার্যকর ওয়ান স্টপ সার্ভিস চান। বাংলাদেশ এসব নিশ্চিত করতে পারলে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার পরিসর আরও বিস্তৃত হবে।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা বৃদ্ধি ও শিল্পকারখানার ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রেও সহযোগিতার সম্ভাবনা তুলে ধরেন জার্মান রাষ্ট্রদূত।

এ ছাড়া জার্মানির বয়োজ্যেষ্ঠ জনগোষ্ঠীর বিপরীতে বাংলাদেশের তরুণ কর্মশক্তিকে সম্ভাবনাময় হিসেবে উল্লেখ করেন তিনি। তাঁর মতে, দক্ষ শ্রম অভিবাসন, দ্বৈত বৃত্তিমূলক প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং পেশাগত যোগ্যতার স্বীকৃতির মাধ্যমে বাংলাদেশ ও জার্মানি-উভয় দেশই উপকৃত হতে পারে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত