রাজধানীর বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরুসহ তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। কারাগারে পাঠানো অপর দুজন হলেন কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত ও ব্যারিস্টার রানা তাজউদ্দিন খান।
আজ বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ আবুল মতিনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই মাজহারুল ইসলাম।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন আসামিদের গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, আসামিরা সাবেক সরকারের সহযোগী ছিলেন। এ সময় তাঁদের কারাগারে রাখার আবেদন জানান তিনি।
অন্যদিকে, আসামিদের পক্ষে আইনজীবী খালেদা জাহান লিলি গ্রেপ্তারের বিরোধিতা করে জামিনের আবেদন করেন। শুনানিতে তিনি জানান, আসামিদের একজন দুই দিন আগে সিএমএইচ থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। তিনি বীর প্রতীক খেতাবপ্রাপ্ত এবং বয়সেও প্রবীণ। এসব বিষয় বিবেচনায় নিয়ে তাঁর জামিনের আবেদন করেন আইনজীবী। তবে প্রয়োজনীয় মূল নথিপত্র না থাকায় আদালত জামিন আবেদনের শুনানি করেননি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট রাত ১২টা ২০ মিনিটের দিকে বনানী থানার আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১০০ থেকে ১২০ জনের একটি দল মশাল নিয়ে মিছিল করে। এ সময় মিছিল থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজবন্দিদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এজাহারে উল্লেখ করা হয়, ঘটনাস্থল থেকে পুলিশ সাতজনকে আটক করে। এ সময় ৭০টি অর্ধপোড়া মশাল, একটি ব্যানার ও ৭০টি কালো মুখোশ উদ্ধার করা হয়।
তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, গ্রেপ্তার হওয়া তিন আসামিকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। মামলার বাকি আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তাঁদের আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে।
এ ছাড়া জামিনে মুক্তি পেলে আসামিরা তদন্তে বাধা সৃষ্টি করতে পারেন এবং পালিয়ে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন তদন্ত কর্মকর্তা। এসব কারণ উল্লেখ করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের কারাগারে রাখার আবেদন জানান তিনি।
জ/দি