নিজের সংসদীয় আসনের আওতাধীন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের খবর পাওয়া গেলে তাদের থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। এ বিষয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ নির্দেশনা দেন ইশরাক হোসেন।
পোস্টে সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করে তিনি ঢাকা-৬ আসনের অন্তর্ভুক্ত ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ডের পাশাপাশি সূত্রাপুর, কোতোয়ালি, গেন্ডারিয়া, ওয়ারী ও বংশাল এলাকার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি এ নির্দেশনা দেন।
ইশরাক হোসেন তাঁর পোস্টে লেখেন, প্রত্যেক এলাকায় মিছিলসহ পাহারা দেওয়ার জন্য সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপি ও থানা বিএনপির সঙ্গে সমন্বয় করতে হবে।
তিনি আরও বলেন, কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের খবর পাওয়া গেলে তাদের থানায় নিয়ে যেতে হবে। পালাক্রমে দিন-রাত এ কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে।
জ/শা