ব্ল্যাকমেইলিং ও নির্যাতনের শিকার হয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী ফারিন খান। তবে কার দ্বারা নির্যাতনের শিকার হচ্ছেন, তা প্রকাশ করেননি তিনি। ব্যক্তিগত কথাবার্তা, ভিডিও ক্লিপ বা অন্য কোনো তথ্য ফাঁস হলে এর দায় সংশ্লিষ্ট ব্যক্তিকে নিতে হবে বলেও সতর্ক করেছেন এই অভিনেত্রী।
গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) ফেসবুক লাইভে এসে এসব অভিযোগের কথা জানান ফারিন খান। তিনি বলেন, একজন শিল্পী হিসেবে অভিনয়ের বাইরে তাঁর ব্যক্তিগত জীবনও রয়েছে। সব সময় সেই জীবনকে গণমাধ্যম থেকে দূরে রাখার চেষ্টা করেন। কিন্তু জীবনের কিছু পরিস্থিতিতে বাধ্য হয়েই কথা বলতে হয়। তাঁর ক্ষেত্রেও তেমন পরিস্থিতি তৈরি হয়েছে। নিজের চেহারা দেখলেই মানসিক বিপর্যস্ততার বিষয়টি বোঝা যাবে বলেও মন্তব্য করেন তিনি।
ফারিনের অভিযোগ, গত কয়েক বছর ধরে একজনের মাধ্যমে ব্ল্যাকমেইলিং ও নির্যাতনের শিকার হচ্ছেন তিনি। এ বিষয়ে একাধিকবার কথা বলতে চেয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাসও দিয়েছেন। তবে ব্যক্তিগত জীবন, সমাজ ও পরিবারের কথা ভেবে এত দিন চুপ ছিলেন। শেষ পর্যন্ত তাঁকে ফেসবুক লাইভে এসে কথা বলতে বাধ্য করা হয়েছে বলে জানান অভিনেত্রী।
অভিযুক্ত ব্যক্তির পরিচয় প্রকাশ না করে ফারিন বলেন, ওই ব্যক্তি তাঁদের পরিচিতজন। তিনি বর্তমানে অভিনেত্রীর কয়েকজন সহকর্মীর কাছে বিভিন্ন ভিডিও ও ব্যক্তিগত কথাবার্তা শেয়ার করছেন। যাঁদের কাছে এসব পাঠানো হচ্ছে, তাঁদের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলতে চান তিনি।
অভিযুক্ত ব্যক্তিকে ‘প্রতারক’ ও ‘ভণ্ড’ আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেন ফারিন। তিনি বলেন, একজন মানুষ কতটা ভণ্ড ও মিথ্যাবাদী হতে পারেন, তা ভেবে অবাক হন তিনি। মালয়েশিয়ায় বসে ওই ব্যক্তি মক্কার নাম ব্যবহার করছেন বলেও অভিযোগ করেন অভিনেত্রী।
ফারিনের আরও অভিযোগ, তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি ও ফোন একাধিকবার হ্যাক করা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ওই ব্যক্তির কাছে তাঁর অনেক গুরুত্বপূর্ণ নথি রয়েছে। বিষয়টি নিয়ে তাঁরা আইনি প্রক্রিয়ার মধ্যে আছেন।
ব্যক্তিগত তথ্য ফাঁসের আশঙ্কা প্রকাশ করে ফারিন বলেন, তাঁর কোনো ব্যক্তিগত কথাবার্তা, ভিডিও ক্লিপ বা অন্য কোনো তথ্য কারও কাছে পাঠানো কিংবা দেখানো হলে তাঁকে যেন বিষয়টি জানানো হয়। এ ধরনের কোনো তথ্য ফাঁস হলে তার দায় অভিযুক্ত ব্যক্তির ওপর বর্তাবে বলেও সতর্ক করেন তিনি।
এর কয়েক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একাধিক পোস্টেও নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছিলেন ফারিন খান। সে সময়ও কারও নাম প্রকাশ করেননি তিনি। তবে একজন প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে মানসিক নির্যাতন ও প্রতারণার শিকার হচ্ছেন বলে জানিয়েছিলেন। ওই ব্যক্তি গণমাধ্যম অঙ্গনের সঙ্গে যুক্ত বলেও উল্লেখ করেছিলেন অভিনেত্রী।
খুব শিগগির সংবাদ সম্মেলন করে অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশ করবেন বলে জানিয়েছেন ফারিন। এ সময় সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, ভয়াবহ ওই ব্যক্তির হাত থেকে যেন রক্ষা পান।
মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন ফারিন খান। তাঁর লক্ষ্য ছিল বড় পর্দায় কাজ করা। জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে সেই লক্ষ্য পূরণ হয়। একাধিক সিনেমায় অভিনয় করলেও কাজল আরেফিন অমি পরিচালিত ‘ফিমেল’ নাটকের মাধ্যমে বিশেষভাবে দর্শকের নজর কাড়েন তিনি। বর্তমানে নাটক ও বিজ্ঞাপনের কাজ নিয়েই বেশি ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।
জ/দি