নাটোরের গুরুদাসপুরে চাপিলা ইউনিয়ন বিএনপির কার্যালয় লক্ষ্য করে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার চৌদ্দমাথা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ারও চেষ্টা করা হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
চাপিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর ইকবাল নয়ন জানান, দুর্বৃত্তরা গভীর রাতে কার্যালয় লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, সপ্তাহখানেক আগেও এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মশাল মিছিল বের করেছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের শব্দে আশপাশের বাড়িঘরের মানুষের ঘুম ভেঙে যায়। পরে তাঁরা বিএনপি কার্যালয়ের সামনে আগুন জ্বলতে দেখেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ককটেলের দুটি খোসা উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।
এর আগে রোববার (১৫ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে নাটোর শহরতলির দত্তপাড়া বাজারে জয় বাংলা স্লোগান দিয়ে দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছোড়ে। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণও ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেখানে প্রায় শতাধিক রাউন্ড গুলি ছোড়া হয়। একই রাতে লালপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা মশাল মিছিল করেন এবং রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।