ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ২০২৬ সালের বার্ষিক পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের সব কার্যক্রম শেষ করার সময়সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে এসব কার্যক্রম সম্পন্ন করতে হবে।
সম্প্রতি দেশের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক পরীক্ষার যাবতীয় কার্যক্রম শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা চিঠিতে বলা হয়, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির ২০২৬ সালের বার্ষিক পরীক্ষা গ্রহণের পর ফলাফল প্রকাশসংক্রান্ত সব কার্যক্রম আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।
নির্দেশনাটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, অভিভাবক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিষ্ঠানপ্রধান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এ নির্দেশনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনের বিভিন্ন দপ্তরেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
জ/উ