পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা কার্যক্রম ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাৎক্ষণিক বরখাস্ত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে ব্যর্থ পৌরসভার দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
আজ বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে আয়োজিত জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
নগর ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যা তুলে ধরে মীর শাহে আলম বলেন, বর্জ্য ব্যবস্থাপনা শহরের অন্যতম প্রধান দায়িত্ব হলেও অধিকাংশ পৌরসভায় নির্দিষ্ট কোনো ল্যান্ডফিল নেই। খোলা জায়গায় বর্জ্য ফেলে রাখলে মাস্টারপ্ল্যানের উদ্দেশ্য ব্যাহত হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্যও হুমকির মুখে পড়ে।
তিনি বলেন, ম্যানহোল ও বাউন্ডারি ওয়ালসহ দ্রুত আধুনিক ল্যান্ডফিল নির্মাণ করতে হবে। সেখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদনের ব্যবস্থা করা সম্ভব হবে।
গুরুত্বপূর্ণ এ কর্মশালায় অনেক কর্মকর্তার অনুপস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সরকার বিপুল অর্থ ব্যয় করে কর্মশালাটির আয়োজন করেছে। অথচ ৬১টি পৌরসভার মধ্যে ১৭ জন প্রশাসক ও ১৯ জন পৌর নির্বাহী কর্মকর্তা এতে উপস্থিত হননি। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এমন উদাসীনতা কর্মশালার মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রশ্নের মুখে ফেলে। তবে প্রকৌশলীদের উপস্থিতিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে তাঁদের প্রশংসা করেন তিনি।
পৌরসভার মাস্টারপ্ল্যান প্রণয়নে অতীতের অনিয়মের প্রসঙ্গ তুলে মীর শাহে আলম বলেন, রাজনৈতিক প্রভাবের কারণে আগে মাস্টারপ্ল্যানের তালিকায় বড় ধরনের অনিয়ম হয়েছে। এতে অনেক গুরুত্বপূর্ণ ও যোগ্য পৌরসভা এ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। তাঁর মতে, শুরুতেই জেলাভিত্তিক এবং ‘ক’ শ্রেণির পৌরসভাগুলোকে তালিকায় অগ্রাধিকার দেওয়া প্রয়োজন ছিল।
স্থানীয় সরকার বিভাগের আওতায় অবকাঠামোগত উন্নয়নে এলজিইডির মাধ্যমে সারা দেশে ১ লাখ ২০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি কর্মকর্তাদের শুধু রাস্তাঘাট নির্মাণে সীমাবদ্ধ না থেকে শিশু পার্ক, কবরস্থান, সুপেয় পানির সরবরাহ, খাল ও জলাশয় সংরক্ষণ এবং ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন।
জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ নাগরিক সেবা প্রদানে হয়রানির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কিছু পৌরসভায় পরিকল্পিতভাবে সেবা স্থগিত রেখে কিংবা দুর্নীতির মাধ্যমে নাগরিকদের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এ ছাড়া সোলার প্যানেল স্থাপনের জন্য পাঠানো বরাদ্দ অব্যবহৃত ফেলে রাখা পৌরসভার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি তুলে ধরে মীর শাহে আলম জানান, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে আগামী চার বছরের মধ্যে ৪ কোটি পরিবারের গৃহকর্তাদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। চলতি বছরই ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের মাধ্যমে ৪১ লাখ নারীকে এ সুবিধার আওতায় আনা হবে।
পিছিয়ে পড়া যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়েও গুরুত্ব দেন তিনি। এ লক্ষ্যে ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা হিসেবে আরবি, মালয়, কোরিয়ান কিংবা জাপানি ভাষা শেখানোর প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
এ ছাড়া সাড়ে ৩ লাখের বেশি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের রাষ্ট্রীয় সম্মানীর আওতায় আনা এবং প্রতিটি ইউনিয়নে ধর্মীয় উপাসনালয় সংস্কারের জন্য ৩০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, এলজিইডির অতিরিক্ত প্রধান ও নির্বাহী প্রকৌশলী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের শিক্ষক এবং বিভিন্ন পৌরসভার প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
জ/দি