তারেক-এরদোয়ান বৈঠকে সামরিক সহযোগিতা ও রোহিঙ্গা সংকটে গুরুত্ব

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-11T11:24:49+06:00
2026-11-11T11:24:49+06:00
বুধবার ● ১১ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
তারেক-এরদোয়ান বৈঠকে সামরিক সহযোগিতা ও রোহিঙ্গা সংকটে গুরুত্ব
জবাবদিহি ডেস্ক
⏲ ১১:২৪ এএম | ১১ নভেম্বর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
Advertisement
প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফরের মধ্য দিয়ে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মুসলিম বিশ্বের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে তারেক রহমানকে উল্লেখ করেন তিনি। বৈঠকে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান ও প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় তুরস্কের ম্যাক্স রয়্যাল হোটেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সন্ধ্যা সোয়া ৭টায় দুই নেতার বৈঠক শুরু হয়। এতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

জলবায়ু সম্মেলনের লিডার্স সামিটের আগে অনুষ্ঠিত এ বৈঠকে সামরিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, এভিয়েশন খাত এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর জোর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিরক্ষা খাতে তুরস্কের সঙ্গে সহযোগিতার পরিধি বাড়ানোর পাশাপাশি এ খাতে যৌথ বিনিয়োগের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) বাংলাদেশের প্রতি তুরস্কের অবিচল সংহতির জন্য কৃতজ্ঞতা জানান। পাশাপাশি রোহিঙ্গাদের জন্য মাঠপর্যায়ে মানবিক সহায়তা দেওয়ায় তুরস্ককে ধন্যবাদ জানান তিনি।

তারেক রহমান বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সমর্থন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গাদের পক্ষে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে তুরস্কের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত সহযোগী হিসেবে অভিহিত করেছেন প্রেসিডেন্ট এরদোয়ান।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও দেশটির ফার্স্ট লেডিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের ফার্স্ট লেডির বৈঠকেও বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত নারীদের বিষয়টি আলোচনায় আসে।

আগামী ১২ নভেম্বর জলবায়ু সম্মেলনের লিডার্স সামিটে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত