নাগরিকের তথ্য সুরক্ষায় আসছে নিজস্ব বাংলা এআই

নিউজ ডেস্ক

প্রযুক্তি

2026-11-04T08:04:37+06:00
2026-11-04T08:04:37+06:00
বুধবার ● ৪ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
Advertisement
প্রযুক্তি
নাগরিকের তথ্য সুরক্ষায় আসছে নিজস্ব বাংলা এআই
নিউজ ডেস্ক
⏲ ৮:০৪ এএম | ৪ নভেম্বর, ২০২৬ | বুধবার
নাগরিকের তথ্য সুরক্ষায় আসছে নিজস্ব বাংলা এআই
নাগরিকদের বিচ্ছিন্ন ডিজিটাল পরিচয় ও তথ্যভাণ্ডার একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনতে ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ চালুর উদ্যোগ নিয়েছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ। একই সঙ্গে দেশের তথ্যের সার্বভৌমত্ব নিশ্চিত করতে নিজস্ব বাংলা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তৈরি এবং সাইবার নিরাপত্তা জোরদারে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সোমবার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সচিব ড. মো. মামুনুর রশিদ ভুঁঞা এসব উদ্যোগের কথা জানান। তথ্যপ্রযুক্তি সাংবাদিক ও একাডেমিক প্রফেশনালদের সংগঠন সেন্টার ফর টেকনোলজি জার্নালিজমের (সিটিজে) নির্বাহী কমিটির সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় আইসিটি বিভাগের যুগ্ম সচিব মো. মজিবর রহমান উপস্থিত ছিলেন।

সভায় আইসিটি সচিব জানান, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাসপোর্ট, জন্মনিবন্ধন ও ট্যাক্স ফাইলসহ নাগরিকদের বিভিন্ন সরকারি তথ্যভাণ্ডার সমন্বিত করে একটি ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে তথ্যের অপব্যবহার ও জালিয়াতি প্রতিরোধ করা সম্ভব হবে। পাশাপাশি সরকারি দপ্তরগুলোর মধ্যে তথ্য আদান-প্রদানের সমন্বয় এবং নিরাপত্তা নিশ্চিত করতে একটি বিশ্বস্ত ইন্টারঅপারেবিলিটি ফ্রেমওয়ার্ক তৈরির কাজ চলছে।

দেশের সাইবার স্পেসের নিরাপত্তা নিশ্চিত করতে সাইবার সিকিউরিটি এজেন্সিকে আরও কার্যকর ও শক্তিশালী করা হচ্ছে বলেও জানান তিনি। এ সংস্থায় ১২০ জন জনবল নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। নিয়োগপ্রাপ্তদের বড় একটি অংশ কারিগরি বিশেষজ্ঞ হিসেবে কাজ করবেন।

কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান ব্যবহারের মধ্যে দেশের তথ্যের সার্বভৌমত্ব বজায় রাখতে নিজস্ব এআই মডেল এবং শেয়ারড জিপিইউ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন সচিব।

এ ছাড়া ‘স্টার্টআপ বাংলাদেশ’ ও আইসিটি বিভাগের যৌথ উদ্যোগে উদ্যোক্তাদের অর্থায়নের বিষয়টি জানান তিনি। আগামী ডিসেম্বরের মধ্যে দেশের সব সেতু ও টোল প্লাজার জন্য ‘ইউনিফায়েড ডিজিটাল টোল সিস্টেম’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন।

মতবিনিময় সভায় সিটিজের সভাপতি ও সমকালের সহকারী সম্পাদক হাসান জাকির আইসিটি বিভাগের কার্যক্রম আরও স্বচ্ছ ও জনবান্ধব করার আহ্বান জানান।

তিনি বলেন, অতীতের মতো দক্ষ জনবল তৈরির নামে নামকাওয়াস্তে প্রশিক্ষণ দিয়ে কোনো গোষ্ঠীকে অর্থ তছরুপের সুযোগ দেওয়া যাবে না। একই সঙ্গে যেসব প্রকল্প বা কর্মসূচিতে অর্থের অপচয়ের আশঙ্কা রয়েছে, সেগুলো গ্রহণ থেকেও বিরত থাকতে হবে।

সিটিজের মহাসচিব ও যুগান্তরের নিজস্ব প্রতিবেদক সাইফ আহমাদ বলেন, প্রযুক্তি খাতে নীতি বাস্তবায়নের ক্ষেত্রে ডেটা প্রাইভেসি ও সাইবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। উদ্ভাবনী প্রকল্পসহ বিভিন্ন উদ্যোগে যে আর্থিক সহায়তা দেওয়া হবে, তা যেন প্রকৃত উদ্যোক্তাদের কাছে পৌঁছায়, সেটিও নিশ্চিত করা প্রয়োজন। এ ক্ষেত্রে স্বজনপ্রীতি এড়িয়ে চলার ওপর গুরুত্ব দেন তিনি।

সভায় সিটিজের পক্ষ থেকে কয়েক দফা দাবিও তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—সংবাদ প্রতিবেদন তৈরির প্রয়োজনে সাংবাদিকদের দ্রুত প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করা, এআই ও সাইবার নিরাপত্তাসহ তথ্যপ্রযুক্তির নতুন নতুন খাত এবং কারিগরি বিষয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে নিয়মিত কর্মশালার আয়োজন করা। পাশাপাশি গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী কমিটি ও সভায় সিটিজের প্রতিনিধির অংশগ্রহণ নিশ্চিত করার দাবিও জানানো হয়।

প্রযুক্তি খাতের স্বচ্ছতা ও অবকাঠামোগত সংস্কারে সিটিজের পর্যবেক্ষণ ও দাবিগুলো সময়োপযোগী বলে মন্তব্য করেন আইসিটি সচিব ড. মো. মামুনুর রশিদ ভুঁঞা। তিনি বলেন, স্বচ্ছতা নিশ্চিত করতে আইসিটি বিভাগ বদ্ধপরিকর।

সচিব জানান, আন্তর্জাতিক সার্টিফিকেশন ছাড়া আইসিটি বিভাগ আর কোনো প্রশিক্ষণ দেবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা রয়েছে। ফলে নামকাওয়াস্তে প্রশিক্ষণের সুযোগ আর থাকবে না।

তিনি আরও বলেন, স্টার্টআপসহ বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পে অর্থ ব্যয়ের ক্ষেত্রেও স্বচ্ছতা নিশ্চিত করা হবে। এ সময় সিটিজের সঙ্গে যৌথভাবে কাজ করার পাশাপাশি সংগঠনটিকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সভায় সিটিজের সহসভাপতি মিজানুর রহমান সোহেল, পরিচালক (সাংগঠনিক) রেজাউল করিম জ্যান, বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিবেদক কাজী সোহাগ, প্রথম আলোর স্টাফ রিপোর্টার রাহিতুল ইসলামসহ সংগঠনটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

জ/শা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত