পৃথিবীর কক্ষপথে নতুন ‘মিনি চাঁদ’, থাকবে জানুয়ারি পর্যন্ত

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি

2026-11-07T14:56:19+06:00
2026-11-07T14:56:19+06:00
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
Advertisement
প্রযুক্তি
পৃথিবীর কক্ষপথে নতুন ‘মিনি চাঁদ’, থাকবে জানুয়ারি পর্যন্ত
তথ্যপ্রযুক্তি ডেস্ক
⏲ ২:৫৬ পিএম | ৭ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
মহাকর্ষীয় আকর্ষণে পৃথিবীর অস্থায়ী সঙ্গী হয়েছে নতুন এক ‘মিনি চাঁদ’। মাত্র ৬ ফুট চওড়া একটি মহাকাশ শিলাকে সাময়িকভাবে নিজের মহাকর্ষীয় বলয়ে আটকে নিয়েছে পৃথিবী। ক্ষুদ্র এই মহাজাগতিক বস্তুর আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে ‘২০২৬ কিউকিউ৮’ (2026 QQ8)। আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়নের মাইনর প্ল্যানেট সেন্টার সূত্রে এ তথ্য জানা গেছে।

গবেষকদের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিলেই শিলাটি পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে। তবে টেলিস্কোপে এর উপস্থিতি প্রথম শনাক্ত হয় গত আগস্টে। পৃথিবীর সঙ্গে এর এই অস্থায়ী সম্পর্ক অবশ্য বেশি দিন স্থায়ী হবে না। আগামী ডিসেম্বর, অর্থাৎ বড়দিন পর্যন্ত এটি পৃথিবীর চারপাশে ঘুরবে। এরপর ২০২৭ সালের জানুয়ারি নাগাদ পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণ কাটিয়ে আবার গভীর মহাশূন্যে ফিরে যাবে।

কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে শিলাটির গতিপথ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখেছেন, সূর্যের চারদিকে একবার ঘুরতে এর ৩৫০ দিনের কিছু বেশি সময় লাগে। সময়টি পৃথিবীর এক বছরের প্রায় সমান। প্রতি ১০ বছর পরপর শিলাটি পৃথিবীর কাছাকাছি এলেও এবার তুলনামূলকভাবে বেশি কাছে চলে আসায় পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণে সাময়িকভাবে আটকা পড়েছে।

মাইনর প্ল্যানেট সেন্টারের তথ্য বলছে, পৃথিবীর চারপাশে অবস্থানকালে ‘২০২৬ কিউকিউ৮’ সবচেয়ে কাছাকাছি এসেছিল প্রায় ৩ লাখ ৫৩ হাজার মাইল দূরত্বে। পৃথিবী থেকে মূল চাঁদের গড় দূরত্বের তুলনায় এই ব্যবধান প্রায় ১ লাখ ১০ হাজার মাইল বেশি।

তবে ক্ষুদ্র এই মহাকাশ শিলা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন বিজ্ঞানীরা। তাঁদের মতে, বস্তুটি পৃথিবীর জন্য সামান্যতম বিপজ্জনকও নয়। এটি সরাসরি পৃথিবীর দিকে ছুটে এলেও মাত্র ২ মিটার বা ৬ ফুট ব্যাসের শিলাটি বায়ুমণ্ডলে প্রবেশের সঙ্গে সঙ্গেই পুড়ে ছাই হয়ে যেত।

মহাকাশ গবেষকদের মতে, পৃথিবীর মহাকর্ষে এ ধরনের অস্থায়ী ‘মিনি চাঁদ’ আটকা পড়ার ঘটনা নতুন নয়। সাম্প্রতিক মডেলিংয়ের তথ্য অনুযায়ী, যেকোনো সময় পৃথিবীর মহাকর্ষীয় বলয়ে প্রায় ছয়টি পর্যন্ত ক্ষুদ্র প্রাকৃতিক কিংবা কৃত্রিম বস্তু অস্থায়ী উপগ্রহ হিসেবে অবস্থান করতে পারে। এসব বস্তুর অনেকগুলোই মূল চাঁদের বিচ্ছিন্ন অংশ হতে পারে।

সাধারণত এ ধরনের অস্থায়ী উপগ্রহের গড় আকার প্রায় ৭৫ সেন্টিমিটার বা ৩০ ইঞ্চি। পৃথিবীর চারপাশে এদের অবস্থানের গড় স্থায়িত্ব প্রায় ৯ মাস। তবে কোনো মহাকাশ শিলার প্রস্থ ১০ ফুটের বেশি হলে সেটি ১০ থেকে ২০ বছর পর্যন্ত পৃথিবীকে প্রদক্ষিণ করতে পারে।

খালি চোখে এসব বস্তু দেখা সম্ভব নয়। অত্যন্ত শক্তিশালী টেলিস্কোপ ও উন্নত সফটওয়্যারের সাহায্যে এগুলো শনাক্ত করা হয়। বিজ্ঞানীদের মতে, ‘২০২৬ কিউকিউ৮’-এর মতো পৃথিবীর কাছাকাছি আসা মহাকাশ শিলাগুলো সৌরজগতের আদি গঠন, গতিপ্রকৃতি এবং গ্রহাণুর আচরণ সম্পর্কে বিস্তারিত জানার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে।

সব মিলিয়ে বড়দিনের সময় পর্যন্ত পৃথিবীর চারপাশে ঘুরে নতুন বছরের শুরুতে আবারও মহাশূন্যে হারিয়ে যাবে এই ক্ষণস্থায়ী মহাজাগতিক অতিথি।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত