মানিকগঞ্জে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিভিন্ন স্থানে দফায় দফায় ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। জড়িত সন্দেহে দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে রাত ৯টার মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়, সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, বাসস্ট্যান্ড, জাগীর ব্রিজ সংলগ্ন এলাকা, সাটুরিয়ার নয়াডিঙ্গী, জেলা বিএনপি কার্যালয়সহ বিভিন্ন স্থানে এসব বিস্ফোরণ ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা পৌনে ৭টার দিকে জেলা শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। রাত পৌনে ৮টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় পরপর দুটি বিস্ফোরণ ঘটে। রাত সাড়ে ৮টার দিকে সাটুরিয়ার নয়াডিঙ্গী এলাকায় একটি এবং সদর উপজেলার জাগীর ধলেশ্বরী সেতু সংলগ্ন কাঁচাবাজারের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এর কিছুক্ষণ পর জেলা বিএনপি কার্যালয়ের সামনে একটি এবং রাত ৯টার দিকে জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক কার্যালয় এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলগুলোতে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও বিভিন্ন স্থানে জড়ো হন। পরে সন্দেহভাজন দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
এদিকে ধারাবাহিক বিস্ফোরণের প্রতিবাদে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
স্থানীয়দের ধারণা, মঙ্গলবার (১০ নভেম্বর) নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট কর্মসূচিকে কেন্দ্র করে এসব বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।
মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) তৎপরতা বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক রয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ডিবি কাজ করছে।
সন্দেহভাজন দুজনকে হেফাজতে নেওয়ার বিষয়ে তিনি বলেন, উত্তেজিত জনতা ও নেতাকর্মীরা তাদের আটক করে পুলিশের কাছে দিয়েছেন। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর দলীয় প্যাডে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আগামী ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট কর্মসূচি ঘোষণা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
জ/দি