বিমানকে আধুনিকায়নে বহর বাড়ানো ও কার্গো সক্ষমতা উন্নয়নের উদ্যোগ

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-10T17:35:13+06:00
2026-11-10T17:35:13+06:00
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
বিমানকে আধুনিকায়নে বহর বাড়ানো ও কার্গো সক্ষমতা উন্নয়নের উদ্যোগ
জবাবদিহি ডেস্ক
⏲ ৫:৩৫ পিএম | ১০ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
Advertisement
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আধুনিকায়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে সম্মানজনক অবস্থানে প্রতিষ্ঠিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। এ লক্ষ্য বাস্তবায়নে উড়োজাহাজের বহর সম্প্রসারণ, প্রয়োজনীয় উড়োজাহাজ লিজ নেওয়া এবং কার্গো পরিবহন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে আন্তর্জাতিক এভিয়েশন প্রতিষ্ঠান হাইবারি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক উইলিয়াম প্রোথেরোর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে হাইবারি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন খাতের উন্নয়ন ও সম্প্রসারণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। এ সময় উড়োজাহাজ ক্রয়, অর্থায়ন ও লিজিং খাতে বিশ্বব্যাপী বিনিয়োগ এবং সম্পদ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সাফল্যের বিষয়গুলো তুলে ধরেন তিনি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আরও শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, রাষ্ট্রীয় পতাকাবাহী এ সংস্থার উড়োজাহাজের বহর সম্প্রসারণের উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হয়েছে। নতুন উড়োজাহাজ সরবরাহের সময়সীমা বিবেচনায় রেখে মধ্যবর্তী সময়ের চাহিদা পূরণে উড়োজাহাজ লিজ নেওয়ার বিষয়টিও সরকার বিবেচনা করছে।

তিনি জানান, উড়োজাহাজ লিজ নেওয়ার ক্ষেত্রে ফ্লাইং আওয়ার, রক্ষণাবেক্ষণের ইতিহাসসহ গুরুত্বপূর্ণ কারিগরি ও পরিচালনাগত বিষয়গুলো যথাযথভাবে যাচাই-বাছাই করা হবে।

দেশে ক্রমবর্ধমান এয়ার কার্গো চাহিদার কথা উল্লেখ করে এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বর্তমান বহরের দুটি উড়োজাহাজকে ডেডিকেটেড ফ্রেইটার বা সম্পূর্ণ কার্গো পরিবহনের উপযোগী উড়োজাহাজে রূপান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের।

এ পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে দেশের কার্গো পরিবহনের চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্য পরিবহনের সক্ষমতা বাড়বে। একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আয় বৃদ্ধিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, হাইবারি গ্রুপের পক্ষ থেকে এ বিষয়ে সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেলে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

সাক্ষাৎকালে বাংলাদেশের এভিয়েশন খাতে আন্তর্জাতিক বিনিয়োগ, উড়োজাহাজ লিজিং, অর্থায়ন এবং কার্গো পরিবহন সক্ষমতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে দুই পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের সহযোগিতা দেশের বেসামরিক বিমান পরিবহন খাতের আধুনিকায়ন ও বিকাশে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত