ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া বাণিজ্য চুক্তির খসড়া চূড়ান্ত

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-10T17:24:56+06:00
2026-11-10T17:24:56+06:00
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া বাণিজ্য চুক্তির খসড়া চূড়ান্ত
জবাবদিহি ডেস্ক
⏲ ৫:২৪ পিএম | ১০ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
Advertisement
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (সিইপিএ) খসড়া আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করতে একমত হয়েছে দুই দেশ। খসড়া চূড়ান্ত হওয়ার পর উচ্চপর্যায়ে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি নেওয়া হবে।

আজ মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি হুনের দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে ঐকমত্য হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী কোরীয় বিনিয়োগকারীদের পরিচালনাগত ও আমদানি-সংক্রান্ত সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি জাহাজ নির্মাণ খাতে যৌথ বিনিয়োগ এবং স্থানীয় প্রকৌশলী ও জনবলকে কাজে লাগিয়ে বাংলাদেশে বিশেষায়িত ‘ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার’ প্রতিষ্ঠার প্রস্তাব দেন তিনি।

দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণে সিইপিএ দ্রুত চূড়ান্ত করার আগ্রহ প্রকাশ করেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত। তিনি জানান, চুক্তির খসড়া এবং এ-সংক্রান্ত বিস্তারিত প্রশ্নমালার বিষয়ে দক্ষিণ কোরিয়া ইতিমধ্যে বাংলাদেশের কাছে নিজেদের অবস্থান তুলে ধরেছে। বৈঠকে চুক্তি চূড়ান্তকরণ ও পরবর্তী করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাংলাদেশে কোরীয় বিনিয়োগ বাড়ানোর বিষয়ে রাষ্ট্রদূতকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিনিয়োগকারীদের নীতিগত সমস্যাগুলো দ্রুত সমাধানে শিগগিরই বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), অর্থ মন্ত্রণালয় ও কোরীয় বিনিয়োগকারীদের অংশগ্রহণে যৌথ সমন্বয় সভা আয়োজন করা হবে বলে জানান তিনি।

বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী প্রায় ২০০টি কোরীয় কোম্পানির বিভিন্ন পরিচালনাগত চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। বিশেষ করে স্যামসাংয়ের গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) কেন্দ্রের গবেষণাসামগ্রী ও নমুনা আমদানিতে প্রশাসনিক জটিলতা, আমদানি পারমিট (আইপি) ছাড়করণে দীর্ঘসূত্রতা এবং কাস্টমস নীতিমালাসংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করার অনুরোধ জানান তিনি।

এ বিষয়ে স্যামসাংসহ কোরীয় বিনিয়োগকারীদের আমদানি-সংক্রান্ত সমস্যাগুলো দ্রুত সমাধানে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দেওয়ার নির্দেশনা দেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, ভিসা প্রক্রিয়া সহজ করার পাশাপাশি আমদানি পারমিট (আইপি) ইস্যুর কার্যক্রম সম্পূর্ণ অনলাইন ও রিয়েল টাইমে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

জাহাজ নির্মাণ খাতে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে বাণিজ্যমন্ত্রীর প্রস্তাবিত ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার প্রতিষ্ঠার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। স্থানীয় প্রকৌশলী ও জনবলকে কাজে লাগিয়ে যৌথ উদ্যোগে বৈশ্বিক চাহিদা পূরণের সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি।

প্রস্তাবটিতে ইতিবাচক সাড়া দেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত। দেশটির শীর্ষস্থানীয় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান হানওয়া ওশান ও হুন্দাই হেভি ইন্ডাস্ট্রিজের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদি প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখার আগ্রহ প্রকাশ করেন তিনি। এ ছাড়া বৈঠকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ নিয়েও আলোচনা হয়।

বৈঠকে বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, অতিরিক্ত সচিব (ডব্লিউটিও) খাদিজা নাজনীনসহ বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত