নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৩ শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য তাঁদের আইসিইউতে রাখা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার শান্তিধারা এলাকার জামিয়াতুল আশরাফিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাকি রোগীদেরও প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এ ছাড়া আরও রোগী জরুরি বিভাগে আসছেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মাদরাসার দ্বিতীয় তলার লাইব্রেরি ও অফিসকক্ষে আগুনের সূত্রপাত হয়।