নারী চিকিৎসকদের মেধা, যোগ্যতা, পেশাগত দক্ষতা, নেতৃত্বগুণ ও বহুমুখী প্রতিভাকে সম্মান জানাতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘মিস অ্যান্ড মিসেস ডাক্তার সিজন ১’। জমকালো আয়োজনে রাজধানীর হোটেল লে মেরিডিয়ানে অনুষ্ঠিত হয় ব্যতিক্রমী এই প্রতিযোগিতা।
বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল চিকিৎসাসেবায় নিয়োজিত নারী চিকিৎসকদের পেশাগত সাফল্যের পাশাপাশি তাঁদের ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও সৃজনশীলতা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা। চিকিৎসাক্ষেত্রের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও তাঁদের অর্জন ও অবদানকে স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংসদ সদস্য সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার। বক্তব্যে তাঁরা নারী চিকিৎসকদের পেশাগত দক্ষতা, মানবিক মূল্যবোধ এবং সমাজ গঠনে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।
এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেধাবী ও প্রতিভাবান নারী চিকিৎসকেরা অংশ নেন। প্রতিযোগিতার বিভিন্ন পর্বে অংশগ্রহণকারীরা নিজেদের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব, সৃজনশীলতা ও স্বতন্ত্র প্রতিভার পরিচয় তুলে ধরেন।
প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন ডা. কানিজ ছোয়া। প্রথম রানারআপ হয়েছেন মেডিকেল শিক্ষার্থী নাবিলা তোরা এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন ডা. রিফা তামান্না।
পুরো আয়োজনের পরিকল্পনা, পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ‘দ্য রিস্ট্রেইন’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. হাসান মাহমুদ। সার্বিক সমন্বয় ও ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানটির কো-অর্ডিনেটর ডা. সোহা। এ ছাড়া আয়োজনের পরিচালনা ও মঞ্চ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ‘বি হ্যাপি এন্টারটেইনমেন্ট’-এর শো ডিরেক্টর সাকিব সনেট।
আয়োজকদের মতে, চিকিৎসাসেবার মতো দায়িত্বপূর্ণ ও ব্যস্ত পেশায় নিয়োজিত থেকেও নারী চিকিৎসকেরা নিজেদের মেধা, ব্যক্তিত্ব ও প্রতিভার মাধ্যমে স্বমহিমায় উজ্জ্বল হয়ে উঠতে পারেন। ‘মিস অ্যান্ড মিসেস ডাক্তার সিজন ১’ তারই একটি উদাহরণ। এ আয়োজন নারী চিকিৎসকদের আত্মবিশ্বাস, আত্মপ্রকাশ ও সামনে এগিয়ে যাওয়ার পথে নতুন অনুপ্রেরণা জোগাবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।
মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, আকর্ষণীয় র্যাম্প ওয়াক এবং জমকালো পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এতে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তি, গণমাধ্যমকর্মী, চিকিৎসক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
জ/উ