শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর খিলগাঁওয়ের পল্লিমা কলোনিতে ‘প্রবীণের স্বাস্থ্য সুরক্ষা ও আর্থিক নিরাপত্তায় নবীনের করণীয় এবং রাষ্ট্রীয় ব্যবস্থা’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে নবীন প্রজন্মকে আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, প্রবীণরা আমাদের সমাজের অভিজ্ঞ ও সম্মানিত মানুষ। তাঁদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর পাশাপাশি সুস্থ, নিরাপদ ও সম্মানজনক জীবন নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের উদ্দেশে আবদুস সালাম নগরের উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট কাজে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, নগরের রাস্তাঘাটের সমস্যা, ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা তৈরি এবং রাস্তার ডিভাইডারে গাছ লাগানোর মতো উদ্যোগে সংগঠনের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
তিনি আরও বলেন, নগরকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য করে গড়ে তুলতে শুধু সিটি কর্পোরেশনের ওপর নির্ভর করলে হবে না। নগরবাসীকেও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। এ ক্ষেত্রে প্রবীণ ও নবীন-সব প্রজন্মের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।
আলোচনা সভায় প্রবীণদের স্বাস্থ্যসেবা, আর্থিক নিরাপত্তা, সামাজিক মর্যাদা এবং তাঁদের প্রতি পারিবারিক ও সামাজিক দায়িত্বের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। পাশাপাশি প্রবীণদের অভিজ্ঞতা ও পরামর্শকে সমাজের উন্নয়নে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
জ/বা