কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-11-08T11:14:40+06:00
2026-11-08T11:14:40+06:00
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ১১:১৪ এএম | ৮ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
কানাডার ২০২৭–২০২৯ সালের নতুন অভিবাসন পরিকল্পনা প্রকাশ করেছে দেশটির ফেডারেল সরকার। গত ৫ নভেম্বর প্রকাশিত এ পরিকল্পনায় আগামী তিন বছরে মোট ১১ লাখ ৪০ হাজার নতুন স্থায়ী বাসিন্দা (পিআর) গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে ৩ লাখ ৮০ হাজার, ২০২৮ সালে ৩ লাখ ৮০ হাজার এবং ২০২৯ সালেও ৩ লাখ ৮০ হাজার নতুন স্থায়ী বাসিন্দা গ্রহণ করা হবে। অর্থাৎ, তিন বছরেই পিআর গ্রহণের বার্ষিক লক্ষ্যমাত্রা অপরিবর্তিত রাখা হয়েছে।

ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডার (আইআরসিসি) পরিকল্পনায় অর্থনৈতিক অভিবাসনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। দক্ষ কর্মী, প্রাদেশিক মনোনয়ন কর্মসূচি (পিএনপি) এবং অন্যান্য অর্থনৈতিক অভিবাসন কর্মসূচির মাধ্যমে অধিকাংশ নতুন স্থায়ী বাসিন্দা নেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পরিবার পুনর্মিলন, শরণার্থী ও মানবিক বিবেচনায় অভিবাসনের সুযোগও অব্যাহত থাকবে।

নতুন পরিকল্পনায় ফরাসিভাষী অভিবাসীদের জন্য বিশেষ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কুইবেকের বাইরে ফরাসিভাষী স্থায়ী বাসিন্দার হার ২০২৭ সালে ৯ দশমিক ৫ শতাংশ, ২০২৮ সালে ১০ দশমিক ৫ শতাংশ এবং ২০২৯ সালে ১২ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

অন্যদিকে, আন্তর্জাতিক শিক্ষার্থী ও অস্থায়ী বিদেশি কর্মীদের সংখ্যা নিয়ন্ত্রণের পাশাপাশি কানাডার অর্থনৈতিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে অভিবাসনব্যবস্থা পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন এ পরিকল্পনায় কানাডায় স্থায়ীভাবে বসবাসে আগ্রহীদের জন্য দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং ইংরেজি বা ফরাসি ভাষায় দক্ষতার গুরুত্ব আরও স্পষ্ট হয়েছে।

তবে সরকারের ঘোষিত ১১ লাখ ৪০ হাজার পিআর গ্রহণের সংখ্যা একটি লক্ষ্যমাত্রা মাত্র; এটি কোনো আবেদনকারীর স্থায়ী বসবাসের অনুমোদনের নিশ্চয়তা নয়। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট কর্মসূচির যোগ্যতা যাচাই, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত এবং প্রয়োজনে কানাডার অনুমোদিত অভিবাসন পরামর্শকের (আরসিআইসি) সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

জ/দি



Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত