বিবিএসের কাজকে গণমুখী ও স্বচ্ছ করাই মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-08T17:38:47+06:00
2026-11-08T17:38:47+06:00
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
বিবিএসের কাজকে গণমুখী ও স্বচ্ছ করাই মূল লক্ষ্য: অর্থমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ৫:৩৮ পিএম | ৮ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কার্যক্রমকে কীভাবে গণতন্ত্রীকরণ ও জনমুখী করা যায়, সেটিই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ লক্ষ্য অর্জনে বিভিন্ন পর্যায়ের চিন্তাভাবনা ও সবার মতামত নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আজ রোববার (৮ নভেম্বর) সকালে পরিসংখ্যান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বিবিএসের কার্যক্রমে গণতন্ত্রীকরণ, গণমুখিতা, জনসম্পৃক্ততা, বিশ্বাসযোগ্যতা, নির্ভরযোগ্যতা, পরিমাপযোগ্যতা ও স্বচ্ছতা কীভাবে নিশ্চিত করা যায়, তা নিয়ে কাজ চলছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তথ্য ও পরিসংখ্যানের ওপর জনগণের আস্থা না থাকার কোনো কারণ নেই। তবে কোনো তথ্য পরিমাপযোগ্য না হলে কিংবা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থাকলে সেই তথ্যের ভিত্তিতে কার্যকর কোনো কাজ করা সম্ভব নয়। কোনো সরকার তথ্য নিয়ে কারসাজি করলে তা নিজের সঙ্গে প্রতারণা করার শামিল। এতে সরকার নিজেকেই বোকা বানায়।

অর্থনীতির গণতন্ত্রীকরণের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, রাজনৈতিক গণতন্ত্রীকরণের একটি পর্যায়ে পৌঁছানো সম্ভব হলেও অর্থনীতি গণতন্ত্রীকরণ না হলে রাজনৈতিক গণতন্ত্রীকরণ কখনো কার্যকর হবে না।

ফরেনসিক অডিটের উদ্দেশ্য ব্যাখ্যা করে অর্থমন্ত্রী বলেন, এই অডিট করার পেছনে একটিই কারণ ছিল, তা হলো তথ্যের প্রকৃত অবস্থা যাচাই করা। কোনো বিগত সরকারের দোষত্রুটি খুঁজে বের করা এর উদ্দেশ্য নয়।

তিনি আরও বলেন, কোনো সরকার, কোম্পানি, ব্যক্তি কিংবা গবেষকের হাতে তথ্য-উপাত্ত না থাকলে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ থাকে না। এ কারণেই তথ্যের ভিত্তিতে কার্যক্রম পরিচালনার ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

আলোচনা সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, পরিসংখ্যান ব্যুরোর প্রথম কাজ হলো তথ্যের ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনা। তথ্যের ক্ষেত্রে সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হওয়া সরকারের অঙ্গীকার, একই সঙ্গে এটি একটি বড় চ্যালেঞ্জ।

তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী আমলে ভুল তথ্য প্রকাশের কারণে পরিসংখ্যানের ওপর মানুষের আস্থা কমে গেছে। বিগত সময়ে প্রকাশিত জিডিপির তথ্যেও বিভিন্ন ফাঁকফোকর ও গলদ ছিল। এ কারণে বর্তমানে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে, কোনোভাবেই যেন তথ্যের বিকৃতি না ঘটে। কারণ, তথ্য বিকৃত হলে সরকারের পরিকল্পনা বাস্তবায়ন ব্যাহত হয়।

অন্যদিকে, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, গত ১৭ বছর ছিল বয়ান তৈরির মহোৎসব। মানুষকে কীভাবে ধোঁকা দেওয়া যায়, পরিসংখ্যান ছিল তার অন্যতম হাতিয়ার।

তিনি আরও বলেন, পতিত সরকারের সময়ে পরিসংখ্যানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। অতীতে সামাজিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নেও পরিসংখ্যানগত অনিয়ম ছিল। এর ফলে যাঁদের এসব সুবিধা পাওয়ার কথা, তাঁরা তা পেতেন না।

জ/দি


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত